২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণের দায়ে ১০৪ শিল্প কারখানার বিরুদ্ধে মামলা

পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ঢাকা ও এর আশপাশের জেলায় নদী ও পরিবেশ দূষণকারী ১০৪ টি শিল্প কারখানার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ঢাকা ও এর আশপাশের জেলায় নদী ও পরিবেশ দূষণকারী ১০৪ টি শিল্প কারখানার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের পক্ষে ভূমি প্রতিমন্ত্রী একথা জানান। সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সালাম চৌধুরীর প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫- এর ৭ ধারা অনুযায়ী ৮টি শিল্প কারখানার বিরুদ্ধে টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে নোটিশ দেওয়া হয়েছে। আরও ৪০টি দূষণকারী শিল্প কারখানার বিরুদ্ধে ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা-১৪ আসনের সাংসদ মো. আসলামুল হকের এক প্রশ্নের জবাবে ভূমি প্রতিমন্ত্রী জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপিত পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরের ২৮ ফেব্র"য়ারির মধ্যে রাজধানীর হাজারীবাগের সব ট্যানারি শহরের বাইরে স্থানান্তর করা হবে। ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদের আরেক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, ফারাক্কা বাঁধের প্রভাবে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কম হলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বরেন্দ্র এলাকায় মরুময়তার প্রকোপ বৃদ্ধি পায়। শুষ্ক মৌসুমে মিঠা পানির প্রবাহ কম হলে দেশের দক্ষিণাঞ্চলের নদীগুলোতে সাগরের লোনাপানি প্রবেশ করে। এর ফলে ওইসব এলাকার কৃষি ও মৎস্য উৎপাদন কমে যায়। নদীর পানি কম হওয়ায় নদীতে বেশি পলি জমে নদী ভরাট হয়ে যায়। চাঁদপুর-৪ আসনের সাংসদ হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শব্দ দূষণ বিধিমালাকে মোবাইল কোর্টের আওতায় এনে শব্দ দূষণজনিত অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/পিসি/এএল/এইচএ/১৯৩৪ ঘ.