২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডারবাজি, ঘুষ-দুর্নীতি বন্ধের দাবি জানালেন সেলিম

টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ঘুষ-দুর্নীতি বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রংপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ঘুষ-দুর্নীতি বন্ধ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। শক্ত হাতে এসব অপকর্ম বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "অন্যথায় সরকারের জন্য এটা বুমেরাং হয়ে দেখা দেবে।" শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা সিপিবি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সেলিম এই কথা বলেন। সিপিবি নেতা বলেন, "তেল গ্যাস রপ্তানির লক্ষ্যে বিদেশি কোম্পানির সঙ্গে করা অসম সকল চুক্তি বাতিল করে নতুন করে দেশের স্বার্থ রক্ষা করে চুক্তি করতে হবে। অন্যথায় দেশের মানুষ তা মেনে নেবে না।" সরকারের সমালোচনা করে সেলিম বলেন, "নির্বাচনী ইশতেহারে যুদ্ধপরাধীদের বিচারের ওয়াদা করলেও তারা সেই ওয়াদা পালন করছে না।" তিনি দ্রুত যুদ্ধপরাধীদের বিচার করার দাবি জানান। সেলিম বলেন, "নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছেই। সরকার বাজার নিয়ন্ত্রণে বড় বড় কথা বললেও বাজার নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছে।" ন্যায্য মূল্যের দোকান খুলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। সিপিবি রংপুর জেলা সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ, রংপুর জেলা সিপিবি নেতা আব্দুল জলিল, আলতাফ হোসেন, শ্রীদাম দাস, মিহির ঘোষ, মাহবুবার রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.