২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে বিদ্যালয় ফটকে বোমায় আহত পাঁচ ছাত্র

রাজধানীর মীরপুর শের-ই-বাংলা প্রাথমিক বিদ্যালয়ের ফটকে বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে পাঁচ ছাত্র আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুর শের-ই-বাংলা প্রাথমিক বিদ্যালয়ের ফটকে বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে পাঁচ ছাত্র আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর মীরপুর ১৩ নম্বরের ওই বিদ্যালয়টির ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত জব্দ করেছে। বিদ্যালয়টি মিরপুর ১৩ নম্বর সেকশনে হলেও এটি কাফরুল থানা এলাকার অধীন। ওই থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শের-ই-বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় স্কুলের বারান্দায় থাকা পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে কাঁচের টুকরাসহ বোমার বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরে পুলিশ স্কুলের আশপাশেও তল্লাশি চালায়। পুলিশ কর্মকর্তা সেলিম রেজা জানান, আহত ছাত্ররা প্রধান শিক্ষিকাকে জানিয়েছে তারা স্কুলে যাওয়ার পথে বোমাটি পায়। কিছু না বুঝেই কয়েকজন মিলে নেড়ে-চেড়ে দেখার সময় বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমাটি কোথা থেকে ছাত্ররা পেলো তা তদন্ত করে দেখা হচ্ছে। আবার স্কুল বারান্দায় কেউ বোমাটি ছুঁড়ে মারতে পারে না বলেও জানান উপ-পরিদর্শক। বোমাহত পঞ্চম শ্রেণীর ছাত্র হানিফুর রহমান হৃদয়কে (১৪) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দু' হাত ও পেট ঝলসে গেছে। হৃদয়ের মা নয়ন বেগম জানান, সকাল আটটার দিকে স্কুলে যায় হৃদয়। সকালে স্কুলে বৃত্তির কোচিং এর পর ক্লাস হয়। স্কুলে যাওয়ার পর ক্লাসে ব্যাগ রেখে কয়েকজন মিলে তারা ফটকের সামনে আসে। সেখানে স্কচটেপ মোড়ানো একটি কৌটা পেয়ে তা খোলার চেষ্টা করে শিশুরা। এতে সেটি বিস্ফোরিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এসএইচ/২২২৪ঘ.