ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগ ও পাবনায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে হাজারীবাগে নিহত হেদায়েতউদ্দিন জুলহাস সন্ত্রাসী এবং পাবনায় নিহত মোক্তার হোসেন চরমপন্থী নেতা বলে র্যাব দাবি করেছে। অন্যদিকে কুষ্টিয়ায় বুধবার সকালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছে সুন্নত আলী নামে এক 'চরমপন্থী'।
জুলহাস (২৮) মারা যায় হাজারবাগ বেড়িবাঁধ সংলগ্ন আলী সিএনজি ফিলিং স্টেশনের পাশে।
র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা তালেবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিএনজি স্টেশনের পাশে সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে র্যাবের একটি দল মধ্যরাতে সেখানে যায়। ওই সময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় জুলহাসকে পাওয়া যায়।"
পরে পুলিশ জুলহাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
র্যাব বলছে, জুলহাসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যাসহ নানা অভিযোগে সাতটি মামলা রয়েছে। তিনি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাছিপাড়ায় 'বন্দুকযুদ্ধে' মারা যায় মোক্তার (৩০)।
সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা মোক্তারের বিরুদ্ধে হত্যার অভিযোগে তিনটিসহ আটটি মামলা রয়েছে বলে র্যাব জানায়।
র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের উপ-অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাছিপাড়ায় সর্বহারা পার্টির সদস্যদের বৈঠকের খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে র্যাব সেখানে অভিযান চালায়।"
সেখানে র্যাব ও চরমপন্থীদের 'বন্দুকযুদ্ধে' মোক্তার ঘটনাস্থলেই নিহত হয় বলে ফয়সাল জানান।
র্যাব জানায়, ঘটনাস্থলে একটি দেশি বন্দুক, বন্দুকের তিন রাউন্ড গুলি ও একটি ছোরা পাওয়া গেছে।
মোক্তারের বাড়ি চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইল বাড়ি গ্রামে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, চরমপন্থীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে বুধবার সকালে কথিত বন্দুকযুদ্ধে নিহত সুন্নত আলী (৩৫) চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা। এ নিয়ে গত দেড় মাসে শুধু কুষ্টিয়ায় র্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২২ জনের মৃত্যু হলো।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল সি এ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদর উপজেলার উজান গ্রামের স্টিল ব্রিজের কাছে চরমপন্থীদের গোপন বৈঠকের খবর পেয়ে সকাল ৬টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
"ওই সময় চরমপন্থীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট গুলিবিনিময়ের এক পর্যায়ে সুন্নত আলী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং তার সঙ্গীরা পালিয়ে যায়।"
ঘটনান্থলে একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
সুন্নত ইবি থানার নলখোলা গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগে চারটিসহ ছয়টি মামলা রয়েছে।
মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত নয় মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৮০ জনের বেশি নিহত হয়েছে।
র্যাবের এক পরিসংখ্যানে স
bdnews24