ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পুরান ঢাকায় সোমবার দু' ঘণ্টার ব্যবধানে দু'জন খুন হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সকাল নয়টার দিকে সূত্রাপুরে আবদুস সাত্তার (৪০) নামে এক ব্যবসায়ী তার কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন।
এর আগে সকাল সাতটার দিকে কবুতর নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে বংশালে নিহত হন মো. রিপন (৩০) নামের এক যুবক।
ডিপ্লোমা প্রকৌশলী সাত্তার ৬৩, ভজহরি সাহা স্ট্রিটের বাসিন্দা। ১৩, ভজহরি সাহা স্ট্রিটে পাওয়ার ইঞ্জিনিয়ারিং করপোরেশন নামে তার একটি দোকান রয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৯টার দিকে বাসায় নাস্তা তৈরির সময় ওই কর্মচারীর সঙ্গে সাত্তারের কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় ওই কর্মচারি সাত্তারকে চাকু দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।"
"পরে দোকানের আরেক কর্মচারী রেদওয়ান সাত্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"
পুলিশ কর্মকর্তা তোফাজ্জল জানান, রেদওয়ান জানিয়েছে ওই কর্মচারী দোকানে নতুন আসায় সে তার নাম জানে না। রেদওয়ানকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বংশাল এলাকায় কবুতর নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে সোহেল ও মানিক নামের দুই ভাইয়ের রডের আঘাতে রিপন নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
রিপনের বাসা ৭৩/১ আগা সাদেক রোডে।
ওসি আব্দুল মান্নান বলেন, "রিপন তার বন্ধু আরিফের কবুতর আনতে সকাল ৭টার দিকে ১৪২/জি, মকিমবাজারে সোহেল ও মানিকের বাসায় যায়। এ সময় রিপনের সঙ্গে প্রথমে বাসার দারোয়ানের কথা কাটাকাটি হয়।
"এরপর ওই বাড়ির দুই সহোদর সোহেল ও মানিক বের হয়ে আসে। তারা একটি রড দিয়ে রিপনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।"
রিপনের ভাই আসলামের অভিযোগ, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। তাদের সঙ্গে এর আগেও সোহেল ও মানিকের ঝগড়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমইউএস/এজে/এসএইচ/১৭১৪ ঘ.
bdnews24