সাভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের সিএন্ডবি এলাকায় সোমবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক ইতালিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।
নিহত ফাদার জন আরিয়ারাত (৭২) গাড়ি চালিয়ে খুলনা থেকে আসছিলেন। দুর্ঘটনায় জেসি (৩০) নামে তার এক সহকর্মী আহত হয়েছেন। তিনি স্থানীয় রাবেয়া ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
ফাদার জন আরিয়ারাত খুলনার বয়রা এলাকায় জেভেরিয়ান হাউস এর ফাদারের দায়িত্বে ছিলেন। তিনি সোনাডাঙ্গা থানার মজিদ সরণির ইতালীয় সংগঠন 'আন্তধর্মীয় সংলাপ কেন্দ্রে' বসবাস করতেন। তার বাড়ি ইতালির রোম শহরে।
সহকর্মী জেসি আন্তধর্মীয় সংলাপ কেন্দ্রের একজন কর্মকর্তা। তার বাড়ি বাংলাদেশের খুলনায়।
আন্তধর্মীয় সংলাপ কেন্দ্র'র সহযোগী সংগঠন সাভারের 'টোকাই সংঘ প্রাইয়েক্স'র পরিচালক এস এস নয়ন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর ফার্মগেটে ফাদার হাউজে একটি সম্মেলনে যোগ দিতে ফাদার আরিয়ারাত সহকর্মী জেসিকে নিয়ে নিজে জিপ চালিয়ে খুলনা থেকে ঢাকা আসছিলেন।
দুপুর ১২টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের জিপটিকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাবেয়া ক্লিনিকে ভর্তি করে। বেলা ১টার দিকে ফাদার জন মারা যান।
ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ করে এস এস নয়ন বলেন, ক্লিনিকে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসা দিলে হয়তো তিনি বেঁচে যেতেন।
রাবেয়া ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অবস্থা খারাপ দেখে তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেখানে নেওয়ার মতো তার কোনো লোক ওই সময় সেখানে ছিল না।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় সাভার থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24