২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের সভা শুরু

আদিবাসী শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের সভা শুরু হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 06:02 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

খাগড়াছড়ি, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের সভা শুরু হয়েছে সোমবার। খাগড়াছড়ি সার্কিট হাউসে সকাল ১১টায় এ সভা শুরু হয় বলে টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা জানান। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সভায় উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে কমিটির ১০ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে।" পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী শরণার্থী সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৯৮ সালের ২০ জানুয়ারি ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছিল। এরপর বিভিন্ন সময় কল্পরঞ্জন চাকমা, দীপংকর তালুকদার, সমীরণ টাস্কফোর্সের চেয়ারম্যান হন। সর্বশেষ যতীন্দ্রলাল ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১০ সদস্যের কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কারবারি, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম বিভাগের সহকারী কমিশনার এম এ এন সিদ্দিক, বান্দরবানের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অংপ্র ম্রোং, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, খাগড়াছড়ি সেনা সদর জোনের প্রতিনিধি মেজর লোকমান, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা এস এম শফী এবং ভারত প্রত্যাগত শরনার্থী কল্যাণ সমিতির সম্পাদক সোন্তুষিত চাকমা বকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১১৫৮ ঘ.