২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তে বিক্ষোভ

আবাসিক এলাকায় নতুন করে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ঠিকাদার, গ্রাহক ও আবেদনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 05:21 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসিক এলাকায় নতুন করে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ঠিকাদার, গ্রাহক ও আবেদনকারীরা। রোববার সকালে নগরীর ষোলশহরস্থ বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের চট্টগ্রাম কার্যালয়ের সামনে বাখরাবাদ গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতি বিজিএসএল ষোলশহর কার্যালয়ের সামনে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে। এ সময় বাখরাবাদ গ্যাস ঠিকাদার ও গ্রাহক সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে মাত্র দুই শতাংশ গ্যাস আবাসিক এলাকায় ব্যবহার করা হয়। ফলে গ্যাস সংকটের সঙ্গে এটি কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। বরং আবাসিক সংযোগ বন্ধ করা হলে নগরবাসীর দুর্ভোগ বেড়ে যাবে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সংযোগ বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সমিতির সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিয়াকুর রহমান আজাদ, সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আবুল বশর, বাখরাবাদ গ্যাস ঠিকাদার ও গ্রাহক সমন্বয় পরিষদের মুহাম্মদ আলী নাওয়াজ প্রমুখ। বাখরাবাদ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর পেট্রোবাংলা দেশের চারটি গ্যাস সরবরাহ কোম্পানীর অধীনে সব আবাসিক সংযোগ ও পুনঃসংযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়। ২৭ সেপ্টেম্বর চিঠি দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানীগুলোকে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩০০ ঘ.