বাগেরহাট, আক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটে জ্ঞান উৎসব শনিবার শেষ হয়েছে। দুদিনের এই উৎসব শুরু হয় শুক্রবার।
উৎসবের দ্বিতীয় দিন ছিল উইকিপিডিয়ায় বাগেরহাটের তথ্য হালনাগাদকরণ, সেমিনার, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার দুপুরে বাগেরহাট সাংস্কৃতিক ফাউণ্ডেশন মিলনায়তনে জেলা প্রশাসক মু. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার কামরুল হক।
সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এর মধ্যে মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে 'স্বপ্নের বাগেরহাট' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলওয়ার হায়দার।
বাগেরহাট সরকারি পিসি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. সিরাজুল ইসলাম প্রিন্স 'ডিজিটাল বাগেরহাট নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা' এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আফতাব উদ্দিন 'জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা: প্রেক্ষিত বাগেরহাট' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এর আগে মেয়র তালুকদার আব্দুল খালেক বাগেরহাট প্রেসক্লাবে উইকিপিডিয়ায় বাগেরহাটের তথ্য হালনাগাদকরণ উদ্বোধন করেন।
বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন এ সময় তার সঙ্গে ছিলেন।
বিকেলে স্বাধীনতা উদ্যানের মূল মঞ্চে গণিত অলিম্পিয়াড, দাবা, সুডোকু ও ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়। গণিত অলিম্পিয়াডে চারটি ক্যাটাগরিতে ৫৭ জনসহ মোট ৬৯ জনকে পুরস্কার দেওয়া হয়।
গণিত অলিম্পিয়াডে বিজয়ী ৫৭ জন আসন্ন খুলনা বিভাগীয় গণিত প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সমন্বয়কারী ইব্রাহিম খলিলুল্লাহ নবী।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাগেরহাট সাংস্কৃতিক ফাউণ্ডেশনের শিল্পীরা।
'জ্ঞান উৎসব ২০০৯, বাগেরহাট হবে ডিজিটাল' শ্লোগান নিয়ে শহরের স্বাধীনতা উদ্যানে শুক্রবার শুরু হওয়া দু'দিনব্যাপী এই জ্ঞান উৎসবের আয়োজন করেছে বাগেরহাট জেলা প্রশাসন এবং বেসরকারি সংগঠন 'আমাদের গ্রাম'।
আমাদের গ্রাম'র পরিচালক রেজা সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উৎসবের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়নের পর তা নিয়ে বাগেরহাটের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে শিগগিরই ডিজিটাল বাগেরহাট গড়ার লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24