ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর ডেমরায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
নিহত আব্দুল হান্নান (৩০) দৈনিক রূপালী পত্রিকার সাংবাদিক ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
এদিকে সূত্রাপুর এলাকায় দোকানের ভেতর ঢুকে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় অর্ধলক্ষ টাকা নিয়ে গেছে।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বাঁশেরপুল এলাকা থেকে হান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হান্নানের স্ত্রী তাসলিমা আক্তার রীনা বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ডেমরা থানায় একটি হত্যা মামলা করেছেন।
তবে হান্নানের মা মনোয়ারা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, রাত পৌনে ১টার দিকে স্বপন নামে এক যুবক ফোন করে তার ছেলেকে ডেকে নেয়।
স্বপন মাদক বিক্রেতা বলে মনোয়ারা অভিযোগ করেন।
সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সূত্রাপুরের আব্দুল মজিদ লেনে সন্ত্রাসীরা জলিলউদ্দীন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে।
'সাকিব ও শাকিল এন্টারপ্রাইজ' নামে একটি লোহার দোকানে জলিলের ওপর গুলি চালানো হয়। দোকানটির মালিক জলিলের জামাই।
দোকানের ক্যাশবাক্স থেকে ৪৫ থেকে ৫০ হাজার নিয়ে যায় বলে পুলিশ কর্মকর্তা নূরুল হুদা জানান।
আহত জলিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৭১০ ঘ.
bdnews24