২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার পথে খালেদা জিয়া

বগুড়ার উদ্দেশে শনিবার সকালে রওনা হয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। সকাল পৌনে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোড়ের বাসা থেকে তার গাড়িবহর ঢাকা ছাড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 05:24 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বগুড়ার উদ্দেশে শনিবার সকালে রওনা হয়েছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। সকাল পৌনে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোড়ের বাসা থেকে তার গাড়িবহর ঢাকা ছাড়ে। বগুড়ায় বিরোধী দলীয় নেত্রীর কর্মসূচির মধ্যে আছে দুপুরে বাগবাড়ির জেলা স্কুল মাঠে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। খালেদা জিয়ার দুপুরের খাবার খাবেন তার স্বামীর গ্রামের বাড়িতে। বিএনপি চেয়ারপার্সনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার সকালে জানান, ''শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ম্যাডাম বগুড়া যাচ্ছেন। অনুষ্ঠানমালা শেষ করে আজ (শনিবার) রাতেই আবার ঢাকা ফিরে আসবেন তিনি ।'' বগুড়া যাওয়ার পথে সাভার, নবীনগর, মধুপুর, মির্জাপুর প্রভৃতি স্থানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরকে স্বাগত জানায়। শতাধিক গাড়ির এ বহরের সঙ্গে আছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে সেনাশাসক ও রাষ্ট্রপতি জিয়া ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এ বছর জিয়ার ৭৩ তম জন্মবার্ষিকী বর্ধিত কলেবরে পালন করে বিএনপি। দলের সবগুলো অঙ্গসংগঠন সারা দেশে নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। খালেদা জিয়া নবম সংসদ নির্বাচনে বগুড়ার যে দুইটি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে গাবতলী একটি। তিনি শপথ নেওয়ার আগে ফেনীর আসনটি রেখে বগুড়ার দুইটি আসন ছেড়ে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১১২৪ঘ.