ঢাকা জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীঘটিত বিরোধের জের ধরেই হত্যা করা হয় লালবাগের আলী আজগরকে (৩০)। পরে লাশ গুম করে দেওয়ার উদ্দেশ্যে তা পনেরো টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ফেলা হয়।
রুবেল ও মহসিন নামের তার দুইবন্ধুর সহযোগিতায় জহির এ খুন করে।
বুধবার রাত থেকে নিখোঁজ হওয়ার আগে শেষবার ব্যবসায়ী আজগরকে জহিরের সঙ্গেই দেখা গিয়েছিল।
শুক্রবার সকালে জহিরের নির্দেশনা অনুযায়ী পুলিশ কামরাঙ্গীর চরের লোহারপুলের নিচ থেকে ডুবুরির মাধ্যমে নিহতের কাটা মাথা উদ্ধার করে।
জহির (৩২) পুলিশের সামনে সাংবাদিকদের বলেছে, কেবল টিভি ও সুদের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তার দুই বন্ধু রুবেল ও মহসীন আজগরকে হত্যা করে। সুদের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে আজগরের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল।
তবে নারীঘটিত বিভিন্ন কারণে আজগর প্রায়ই তাকে ভয় দেখাতো বলে সে আজগরের উপর রাগান্বিত ছিল।
বৃহস্পতিবার লালবাগের তিনটি স্থান থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ১৪ টুকরো করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই নাজিমুদ্দিন বাদশার অভিযোগ অনুযায়ী, সেদিনই জহিরকে গ্রেপ্তার করে পুলিশ। রাত থেকেই মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার নাসিরউদ্দিন খান পিপিএম হত্যাকাণ্ডটির তদন্ত শুরু করেন। জিজ্ঞাসাবাদের মুখে জহির খুনের কথা স্বীকার করে। জহিরের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না, ছুরি ও বঁটি উদ্ধার করেছে পুলিশ।
জহির সাংবাদিকদের জানায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে মেয়ে নিয়ে ফুর্তির লোভ দেখিয়ে আজগরকে সে তাদের ২৯/৩ রাজ নারায়ণ ধর রোডের বাসায় ডেকে নিয়ে আসে। ওই বাড়িতে জহির তার স্ত্রী পলিকে নিয়ে থাকত। তবে ঘটনার সময় পলি বাড়িতে ছিল না।
জহির বলেছে, এর কিছু পরেই রুবেল ও মহসীন আসে। তারা তিনজন মিলে আজগরকে ধাক্কা দিয়ে ফেলে দিলে সে মাথায় আঘাত পায়। পরে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। এরপর লাশ বাথরুমে নিয়ে গিয়ে টুকরো টুকরো করা হয়। রাত বারোটা থেকে সকাল নটা পর্যন্ত তারা লাশ টুকরা করে। শব্দ ঢাকার জন্যে টেলিভিশন ও পানির ট্যাপ জোরে ছেড়ে দেওয়া হয়।
জহির বলেছে, তার বাসা খালি থাকলেই আজগর বিভিন্ন মেয়ে নিয়ে আসত। কিন্তু একই সঙ্গে মেয়ে নিয়ে ফুর্তি করলেও আজগর সেসব তার স্ত্রী পলিকে বলে দেওয়ার ভয় দেখাতো। এতে সে ক্ষেপে ছিল।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার এ কে এম আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন ধরে জহিরের স্ত্রী পলির সঙ্গে আজগরের এক প্রকার অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল বলে তারা জানতে পেরেছেন। জহিরের বন্ধু মহসীনও এটা জানত। এ থেকে আক্রোশের কারণে আজগরকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তবে রুবেল ও মহসীনের সঙ্গেও আজগরের আর্থিক বিরোধ চলছিল। এ কারণে হত্যাকাণ্ডে তারাও অংশগ্রহণ করে।
পুলিশ কর্মকর্তারা শুক্রবার রাতের মধ্যেই রুবেল ও মহসীনকে গ্রেপ্তারের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।
পলিকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
লালবাগের রাজ নারায়ণ ধর রোডের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জহির এলাকার সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে আজগরের চাচার বাসায় ডাকাতি ও এক ডাক্তার দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ আছে। এছাড়া সে এলাকার চিহ্নিত চাঁদাবাজ বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৪১ঘ.
bdnews24