২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে থানা হেফাজতে আসামির মৃত্যু: তিন পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার সকালে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রামে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার সকালে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ তিন পুলিশ সদস্য হলেন- চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মো. রশিদ, সহকারী উপ-পরিদর্শক হাফিজ উদ্দিন এবং হাবিলদার আব্দুল আহাদ। চান্দগাঁও থানা হেফাজতে হাবিবুর রহমান (১৭) নামে এক তরুণ বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুপুর আড়াইটার দিকে আদালতে নেওয়া হলেও শারিরীক অবস্থা দেখে আদালত পুলিশ তাকে গ্রহণ করেনি। এর আগে ভোর রাত পৌণে ৪টার দিকে উপ-পরিদর্শক মো. রশিদ ও সহকারী উপ-পরিদর্শক হাফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর খাজা রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে হাবিবকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি ধরার পর থেকে আদালতে নেওয়া পর্যন্ত অপেশাদারিত্ব প্রদর্শন এবং দায়িত্বে অবহেলার কারণে ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মেজবাহ রাতেই এ ঘটনার প্রাথমিক তদন্ত করেন। গ্রেপ্তারের সময় দায়িত্বপ্রাপ্ত ওই পুলিশ সদস্যরা আসামির সঙ্গে 'ধস্তাধস্তির' বিষয়টি স্বীকার করেন। এতে আসামি অসুস্থ্য হয়ে পড়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলেও তাকে আদালতে পাঠানোর পরিবর্তে থানায় নিয়ে আসা হয়। দুপুর ১২টার মধ্যে আদালতে পাঠানোর কথা থাকলেও ওই তরুণকে আদালতে নেওয়া হয় দুপুর দেড়টার পর। এসব কারণে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বনজ কুমার জানান, জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাবিবের লাশের সুরতহাল করা হবে। এরপর হবে ময়না তদন্ত। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৭৫৪ ঘ.