ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সচিব পর্যায়ে ১০ কর্মকর্তা ও যুগ্ম-সচিব পর্যায়ের ১০ কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে।
এছাড়া শিল্প ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়।
যুগ্ম-সচিবদের মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক রীতি ইব্রাহিমকে কৃষি মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল কালাম আজাদকে স্থানীয় সরকার বিভাগে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক এ বি এম খোরশেদ আলমকে শিল্প মন্ত্রণালয়ে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক নিখিল রঞ্জন মণ্ডলকে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলী করা হয়েছে।
জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম শমসের জাকারিয়াকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক বেগম কাওছার জহুরাকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিশেষ দায়িত্বপ্রাপ্ত (ওএসডি) যুগ্ম-সচিব কামরুল হাসানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব খুরশিদা খাতুনকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ ও ওএসডি যুগ্ম-সচিব কানিজ ফাতেমাকে পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা বাংলাদেশ শিল্প ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের ছুটি বাতিল করে তাকে একই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিযুক্তি কর্মস্থলে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা ইকবাল হায়াতকে বাংলাদেশ ইউভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডীন পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার হিসেবে প্রেষণে নিয়োগ আদেশাধীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আখতার হোসেনের নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।
এর আগে সচিব পর্যায়ে যাদের রদবদল করা হয় তারা হলেন- মৎস্য ও পশু সম্পদ সচিব আতাউর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এ বি এম আব্দুল হক চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, পরিকল্পনা কমিশনের সদস্য মো. শাহ আলমকে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে, বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক দেলোয়ার হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে, পরিকল্পনা কমিশনের সদস্য এহসান উল ফাত্তাহকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, তথ্য সচিব জামিল ওসমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, যুব ও ক্রীড়া সচিব ড. গোলাম মোস্তফা তালুকদারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব আ ত ম ফজলুল করিমকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসাবে বদলি করা হয়েছে।
এছাড়া বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভারপ্রাপ্ত সচিব আব্দুস সোবহান শিকদারকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এসকে/১৯৩৭ঘ.
bdnews24