জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ফেব্রুয়ারি মাস থেকে দেশব্যাপী ডিজিটাল ভূমি জরিপ কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভূমি মন্ত্রী রেজাউল করিম হিরা সাংবাদিকদের জানান, সাভার থেকে ডিজিটাল ভূমি জরিপ কাজ শুরু হবে।
এবারই প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কাজ করা হচ্ছে।
রোববার ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী ৩ ফেব্রুয়ারি জরিপ কাজ উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
রেজাউল করিম হিরা বলেন, জরিপ প্রক্রিয়ায় যাতে কোনভাবে ভূমি দস্যুরা প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভারের আউকপাড়া, কেলমা, খাগান, জিঞ্জিরা ও আখরান মৌজায় ডিজিটাল ভূমি জরিপ কাজ পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হবে।
এ পাইলট প্রকল্প আগামী জুন মাসে শেষ হবে। এর পর সারা দেশে জরিপ কাজ পরিচালনার জন্য সুপারিশ করা হবে।
জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান জানান, ঢাকা মহানগরীর ভূমি জরিপ কাজ ১৯৯৫-৯৬ সালে শুরু হয়ে গত ডিসেম্বর মাসে শেষ হয়েছে। এছাড়া ১৯৮৫ সালে ১০টি বৃহত্তর জেলার জরিপ কাজ শুরু হয়ে এখনো চলছে।
মাহফুজুর রহমান বলেন, প্রতি পাঁচ বছর অন্তর দেশব্যপী ভূমি জরিপ কাজ করার জন্য তারা সরকারের কাছে সুপারিশ করবেন।
সমন্বয় বৈঠকে অভ্যন্তরীণ সীমানা নির্ধারণের যেসব পুরোনো পিলার ভেঙে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে সেগুলো চিহ্নিত করে সঠিকভাবে সীমানা নির্ধারণ করারও সিদ্ধান্ত হয় বলে ভূমিমন্ত্রী সাংবাদিকদের জানান।
মন্ত্রী জানান, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার অমীমাংসিত ৩১ হাজার একর জমির বিষয় মীমাংসা করতে সংশিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠন করা হবে।
অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি জমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বন্টন করা হবে বলে জানান মন্ত্রী।
বৈঠকে জলমহাল ও বালুমহাল জেলে ও বালু ব্যবসায়ীদের মধ্যে ইজারা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/কিউএইচ/এসকে/২১১২ঘ.
bdnews24