ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার বিতরণে কোনও অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না। কৃষি সচিব শেখ এনায়েত উল্লাহ শনিবার কৃষি মন্ত্রণালয়ের সার বিতরণ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, "সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কোনও অজুহাতেই বেশি দামে সার বিক্রি করা যাবে না। সরকার এ খাতে ভর্তুকি দেবে। বিতরণে কোনও ত্রুটি হলে প্রথমে খুঁজে দেখা হবে কার জন্য এটা হচ্ছে।"
তিনি বলেন, "সরকরি কোনও কর্মকর্তা-কর্মচারির কারণে সার বিতরণে ত্রুটি হলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। ডিলাররা হলে তাদের বিরুদ্ধে নীতিমালা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের জামানত বাজেয়াপ্ত করা হতে পারে।"
সচিব এনায়েত উল্লাহ বলেন, "সার বিতরণ যতদুর সম্ভব সুষ্ঠুভাবে করা হবে। ডিলাররা গোলমাল না করলে সরবরাহ ব্যবস্থায় কোনও ত্রুটি হবে না। সরকার এ বিষয়ে সিরিয়াস।"
বর্তমান বিতরণ ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, "আমরা এ বিষয়টি পর্যালোচনা ও পরীক্ষা করে দেখব। তবে বোরো মওসুম শুরু হয়ে গেছে। এ মুহূর্তে যেন কোনও জটিলতা তৈরি না হয়। কৃষকের সার দরকার।"
সরকার সারের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ডিলাররা সার বিক্রি বন্ধ করে দিয়েছে- এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সচিব বলেন, "কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে কোথাও বিক্রি বন্ধ ছিল না। বিক্রি বন্ধের সুনির্দিষ্ট তথ্য নেই।"
তিনি বলেন, "যে ঘটনাগুলো আপনারা বললেন, আমার মনে হয় না তা সর্বাঙ্গে সত্য। আমি নীলফামারী ও রংপুর জেলা প্রসাশকের সঙ্গে কথা বলেছি।"
কৃষি সচিব জানান, বোরো মওসুমে এক লাখ ৩৪ হাজার টন টিএসপি, এক লাখ আট হাজার টন এমওপি ও ৬০ হাজার টন ডিএপি সারের চাহিদা রয়েছে। বর্তমানে বিএডিসি, বিসিআইসি ও বেসরকারি খাতে আমদানী করা মোট তিন লাখ ১৯ হাজার টন টিএসপি, দুই লাখ ১৯ হাজার টন এমওপি ও প্রায় ৪৮ হাজার টন ডিএপি সার মজুদ আছে। এ মজুদ দিয়ে জানুয়ারি-মার্চ ও এপ্রিল-জুন সময়ে চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত থাকবে।
তিনি বলেন, "মূল্য পুনর্র্নিধারণের দিনে ডিলার পর্যায়ে সব ধরনের সার পূর্বোক্ত মজুদে অর্ন্তভূক্ত আছে। ডিলার পর্যায়ে বর্তমান মজুদের ক্ষেত্রেও একই হারে ভর্তুকি পরিশোধ করা হবে।"
১৪ জানুয়ারি কৃষি মন্ত্রণালয় নন ইউরিয়া সারের দাম কমানোর ঘোষণা দেয়। নতুন নির্ধারিত দাম অনুসারে টিএসপি ৪০ টাকা, এমওপি ৩৫ টাকা এবং ডিএপি ৪৫ টাকায় বিক্রি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/১৪৫৮ ঘ.
bdnews24