জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। হল দখলকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। ছাত্রদলের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগের বিদ্রোহী একটি গ্র"প।
সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- বঙ্গবন্ধু হলের দিপু, রিজন, দীপ, জুয়েল, জুবায়ের, আসলাম, সোহেল, সৌনেন্দ্র, আরিফ, বিপ্লব ও কৃষাণ এবং আ ফ ম কামালউদ্দিন হলের নির্জর আলম সৌম্য, জনি, মুরাদ, জকি, মেহরাব, হিমু, ডোয়েল, জিয়া, মামুন, আদিত, মিল্টন ও শান্ত, ভাসানী হলের শাকিব, ইসলাম, দিলু, রেজা ও হাওলাদার।
এদের সবাইকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু হলের ছাত্রদল ও ছাত্রলীগের বিদ্রোহী কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নিয়ন্ত্রণে থাকা আ ফ ম কামাল উদ্দিন হল দখল করতে যায়। উভয়পক্ষই লাঠি, হকিস্টিক নিয়ে দুই হলের মাঝামাঝি স্থানে অবস্থান নেয়। খবর পেয়ে কামালউদ্দিন হলের নেতাকর্মীদের সঙ্গে আল-বেরুনী হল, শহীদ সালাম বরকত হল, মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেয়।
এক পর্যায়ে ওই দুটি হলের মাঝামাঝি স্থানে উভয় গ্র"প রড, লাঠি, হকিস্টিক, পিস্তল, রামদা নিয়ে মুখোমখি অবস্থান নিলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই পুলিশের সামনে উভয় গ্র"পের মধ্যে কমপক্ষে ৪০ রাউন্ড গোলাগুলি হয়।
গোলাগুলির সময় বঙ্গবুন্ধ হলের ছাত্রদল ও ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীদের সঙ্গে মওলানা ভাসানী হলের ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দেয়। কিছুক্ষণ পর গোলাগুলি থেমে যায়। ওই সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কমপক্ষে ৩০ আহত হয়েছে। আবারও গোলাগুলি শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্তণে কমপক্ষে ৩০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিরউদ্দিনসহ কয়েকজন শিক্ষক এসে আলাদা আলাদা ভাবে দুপক্ষের নেতাদের সঙ্গে দেখা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
দুপুর আড়াইটা থেকে গোলাগুলি বন্ধ হয়ে গেলেও দুপক্ষই এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে।
প্রক্টর অধ্যাপক নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাতে আর কোনো সমস্যা না হয় সেজন্য নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।"
এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বলেন, "ক্যাম্পাসে সহাবস্থান করতে আমরা ইচ্ছুক। কিন্তু ছাত্রলীগের একটি অংশ ছাত্রদলকে সঙ্গে নিয়ে হল দখলের চেষ্টা করেছে। যদি তারা আবার হামলা চালায় তাহলে কঠোর জবাব দেওয়া হবে।"
বিকেলে ছাত্রলীগের এ সংবাদ বিজ্ঞপ্তি অভিযোগ করা হয়, ভাসানী হলের শিবির ক্যাডাররাও ওই হামলায় যোগ দিয়েছে। শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে বলেও ছাত্রলীগ হুঁশিয়ার করে দেয়।
ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাহিদ বলেন, "ছাত্রদল ও ছাত্রলীগের একটি অংশের ওপর ছাত্রলীগের অপর অংশের হামলায় ক্যাম্পাসের পরিস্থিতি অবনতি হচ্ছে। অথচ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24