২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনের চিঠিমার্কিন 'মাননীয় মহোদয়দের' সুযোগ-সুবিধা প্রসঙ্গে

বিশ্বের সবচেয়ে ধনী কয়েকটি দেশের একটি হলেও যুক্তরাষ্ট্রের 'মন্ত্রী-মিনিস্টার', বড় সরকারি কমকর্তা বা আইনপ্রণেতাদের সরকারি বাসভবনের ব্যবস্থা নেই। বেশ কয়েকজন আইনপ্রণেতা তাই বাড়িভাড়ায় মোটা টাকা না গুণে কংগ্রেস ভবনেই থাকার ব্যবস্থা করে নিয়েছেন সাশ্রয় আর কাজের সুবিধার জন্য। এদের তালিকায় নবতম সংযোজন ইউটার জেসন চ্যাফেৎস যার নির্বাচনী অঙ্গীকার ছিল মিতব্যয়ী জীবনযাপন করা। জানাচ্ছেন আরশাদ মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে মার্কিন কংগ্রেসম্যানদের নতুন বছরের প্রথম মঙ্গলবার আবার শপথ নিতে হয়। সে অনুযায়ী নুতন আর পুরনো সিনেটর ও প্রতিনিধি পরিষদ সদস্যরা শপথও নিয়েছেন এই সেদিন। এটা নুতন খবর নয়। নজর করার বিষয় যেটা তা হচ্ছে, ইউটা থেকে নির্বাচিত এক নতুন কংগ্রেসম্যানের কীর্তি। হ্যাঁ, তিনি যা করেছেন তাকে ছোটোখাটো কীর্তি বললে খুব একটা অত্যুক্তি হবে না বোধহয়। জেসন চ্যাফেৎস নামের ওই আর্থিক দিকে রক্ষণশীল রিপাবলিকানের অঙ্গীকার ছিল মেয়াদকালে খুবই মিতব্যয়ী জীবনযাপন করবেন তিনি। শুরু থেকেই নিজের সে অঙ্গীকার অক্ষরে অক্ষরে রাখার নজীর স্থাপন করেছন চ্যাফেৎস। আর এমনভাবেই করেছেন যে হয়েছেন মিডিয়ার শিরোনাম। ব্যয়বহুল রাজধানী শহরে অ্যাপার্টমেন্ট ভাড়া না করে সাশ্রয়ের জন্য নিজের ক্যাপিটল হিলের অফিসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন জেসন চ্যাফেৎস। আর পরিবারের বাকি সদস্যরা থেকে যাচ্ছে ইউটাতেই। "দেখুন রাত পর্যন্ত কঠিন পরিশ্রমের কাজের পর শুধুমাত্র ঘুমানোর জন্য একটা জায়গায় যেতে রাজি নই আমি। এছাড়া যেখানে খুব একটা সময় থাকা হবে না তার জন্য ১৫শ' ডলার খরচ করার কোনো মানে হয় না"- যুক্তি চ্যাফেৎসের। টিভির খবরে দেখা গেছে, একটা মিনি ভ্যান থেকে তার মালপত্র নিয়ে ক্যাপিটল ভবনের সামনে নামছেন চ্যাফেৎস। টিন এজ ছেলে ম্যাক্স সাহায্য করছিল তাকে। প্রথম কংগ্রেসম্যান হওয়া এ রাজনীতিকের মালসামানার মধ্যে ছিল ময়লা ফেলার পলিথিন ব্যাগে টেপ দিয়ে মোড়ানো একটা কট বা হালকা খাট। এর পেছনে তার খরচ: সাকুল্যে ৪৫ ডলার। "কাজ করার জন্য যে কাড়ি কাড়ি টাকা লাগে না আমি সেটাই নিজে করে দেখাতে চাই। একটু বেশি আরামের হবে এমন একটা সুন্দর জায়গা ভাড়া না করেও অফিসেই ঘুমালে মাসে পরিবারকে ১৫শ' ডলার বাড়তি দিতে পারবো আমি"- সোজাসাপ্টা ব্যাখ্যা চ্যাফেৎসের। বলাবাহুল্য, দপ্তরেই মাথা গোজার ঠাঁই করে নেওয়ার মধ্যে কিছু সুবিধাও আছে। প্রথমত, সেখান থেকে মূল অধিবেশন কক্ষের দূরত্ব খুই কম, থাকার ভাড়া গুণতে হবে না এক পয়সাও। তবে জায়গার টানাটানি আছে। আর স্নানের সুবিধার জন্য নাকি দুই তলা সিঁড়ি ভেঙে বেসমেন্টে নামতে হয়। তবে এখন বেরিয়ে এসেছে জেসন চ্যাফেৎসই ক্যাপিটল হিলের সস্তার (যদিও কম আরামের ) সুবিধা নেওয়া একমাত্র আইনপ্রণেতা নন। অন্তত আরো ৪০ জন সদস্য নিয়মিতই তাদের অফিসে ঘুমান। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা বা বড় সরকারি কর্মকর্তাদের সরকারি আবাসনের ব্যবস্থা নেই -বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের আরো অনেক দেশেই যেটা ভাবা যায় না। মার্কিন কংগ্রেসম্যানদের রাজধানীতে থাকার জন্য নিজেকেই ব্যবস্থা করতে হয়। তাদের অফিসে এমনকী অ্যাটাচ্ড বাথরুমের বিলাসিতাও নেই। পদ মর্যাদা যা-ই হোক না কেন তাদের সবার সঙ্গে একই ওয়াশরুম ব্যবহার করতে হয়। অনেকের জন্যই এটি বিশ্বাস করা কঠিন হবে যে, দুনিয়ার সবচেয় ধনী দেশের একটি হলেও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ছাড়া কারো জন্য কোনো সরকারি বাড়ি নেই। মন্ত্রীসভার কোনো সদস্য, শীর্ষ আমলা এমনকী প্রধান বিচারপতিরও নিজস্ব বাড়ি নেই মার্কিন দেশে। তারা হয় নিজের না হয় ভাড়া বাড়িতে থাকেন। বিশাল ক্ষমতার অধিকারী, এক ধরণের লৌহমানবী ইমেজের পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজ্জা রাইস থাকেন 'ওয়াটারগেট হোটেল কমপ্লেক্সে' একটি ছোট অ্যাপার্টমেন্টে। বাংলাদেশের মতো মার্কিন আইনপ্রণেতা বা মন্ত্রীরা সরকারি গাড়িতে পতাকাও ওড়ান না। আমার গত সাড়ে পাঁচ বছরের অভিজ্ঞতায় একবারও পাশ দিয়ে অতিক্রম করা কোনো মন্ত্রীকে স্যালুট করতে দেখিনি ট্রাফিক পুলিশকে। তারা বিশেষ কোনো চিহ্ন দেওয়া গাড়িতে চলেন না আর সাধারণের মতো লালবাতি জ্বললে গাড়ি থামান বলে পুলিশ প্রায় কখনোই বোঝে না কোনটা 'মাননীয় মন্ত্রী মহোদয়ের' গাড়ি। শুধুমাত্র প্রেসিডেন্টের মোটরবহরের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। যুক্তরাষ্ট্রের এই 'মাননীয় ..মহোদয় শ্রেণী' কেন কোনো বিশেষ সুবিধা পান না তা বুঝে উঠতে আমি বিষয়টা তুলেছিলাম পররাষ্ট্র দপ্তরের এক উর্দ্ধতন কর্মকর্তা জেস বেইলির কাছে। তার পাল্টা প্রশ্ন: কেন ই বা তারা বিশেষ সুবিধা পাবেন? তাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা। আর আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় তাদের সাধারণ মার্কিন নাগরিকদের চেয়ে বড় কিছু বলে মনে করা হয় না।" বেইলির সহকর্মী জেমস ডিকমেয়ারের কথা শুনে শুরুতে চমকে গেলাম। দৃশ্যত বেইলির সঙ্গে একমত নন তিনি। আমাকে বললেন, "আসলে কি জানেন, আপনাদের সিস্টেমটাই ঠিক। আমাদেরটা ভুল। আহা যদি বাংলাদেশের বড় কর্মকর্তা হতাম! তাহলে মেক্সিকো সিটি থেকে বদলি হয়ে আসার পর পছন্দমত বাড়ি খুঁজে পাওয়া নিয়ে টেনশন করতে হতো না।" কথাটা বলেই অট্টহাসি হাসলেন ডিকমেয়ার। মশকরাই যে করছিলেন তা নিয়ে উঁকি দেওয়া সামান্য সন্দেহ ওই হাসিতে উড়ে গেলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/