রাজশাহী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর তানোর উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান বাবুকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তানোরের সীমান্তবর্তী পবা উপজেলার বাগদানি এলাকা থেকে তার হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, তানোরের বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান আলী মোল্লার পক্ষে গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে বুধবার রাতে বাবুকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
ওসি জানান, নিহতের হাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে এখনও থানায় মামলা হয়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অনুসন্ধান চালাচ্ছে।
বাবুর বাবা তানোরের কলমা ইউনিয়ন বিএনপি সভাপতি মাহাতাব উদ্দীন সাংবাদিকদের জানান, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের যেভাবে হত্যা-নির্যাতন করা হচ্ছে এটা তারই অংশ।
দুর্বৃত্তরা বাবুকে খুনের পর তার মোটর সাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
মাহাতাব এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে উল্লেখ করেন। তিনি অবিলম্বে তার ছেলে হত্যার বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৯ ঘ.
bdnews24