২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলের মধ্যে সপ্তম বেতন কমিশনের প্রতিবেদন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পুনর্নির্ধারণের জন্য গঠিত সপ্তম বেতন কমিশন আগামী এপ্রিলের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী তার সরকার একটি স্থায়ী বেতন কমিশন গঠনের কথা ভাবছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পুনর্নির্ধারণের জন্য গঠিত সপ্তম বেতন কমিশন আগামী এপ্রিলের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী তার সরকার একটি স্থায়ী বেতন কমিশন গঠনের কথা ভাবছে। সপ্তম বেতন কমিশনের সদস্যরা বুধবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, "এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এই কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্যরা আমাকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।" এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আমাদের (আওয়ামী লীগ) নির্বাচনী ইশতেহারে একটি স্থায়ী কমিশন গঠনের কথা বলা আছে। প্রতিশ্র"তি পূরণের জন্য আমরা ওই ধরনের একটি কমিশন গঠনের চিন্তা করছি।" এর যৌক্তিকতা ব্যাখ্যা করে মুহিত বলেন, "অস্থায়ী পে-কমিশন পাঁচ-সাত বছর পর পর একটি সুপারিশ দেয়। ওই সুপারিশের ভিত্তিতে বেতন-ভাতা বাড়ানো হয়। এ কারণে অনেক ঝামেলাও হয়। অনেক সময় মহার্ঘ্য ভাতাও ঘোষণা করতে হয়। এসব জটিলতা দূর করতেই আমরা স্থায়ী বেতন কমিশনের চিন্তা করছি।" পরে সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান এম মুসতাফিজুর রহমান বলেন, "সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়। ছয় মাসের মধ্যে আমাদের প্রতিবেদন দিতে বলা হয়েছিল। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে পারব। আগামী মার্চের শেষ অথবা এপ্রিলের শুরুতে প্রতিবেদন দেব।" নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর কমিশনের কাজে কোনো সমস্যা হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, "আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।" মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে একটি সুষম বেতন কাঠামো প্রস্তাব করা হবে বলে জানান তিনি। চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার। ২০০৮ সালের সেপ্টেম্বরে মুসতাফিজুর রহমানকে প্রধান করে সপ্তম পে-কমিশন গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জেকে/এমএইচবি/১৮০০ ঘ.