২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ করতে বিচারপতি নিয়োগ হবে: শফিক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে আরও দুই জন বিচারপতি নিয়োগ দেবে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বুধবার একথা জানান। তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শেষ করতে আ্যাটর্নি জেনারেল অফিস দুই বিচারপতি নিয়োগের বিষয়ে উদ্যোগ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে আরও দুই জন বিচারপতি নিয়োগ দেবে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বুধবার একথা জানান। তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার শেষ করতে আ্যাটর্নি জেনারেল অফিস দুই বিচারপতি নিয়োগের বিষয়ে উদ্যোগ নেবে। আর এ বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে।" "তবে দেশের বিচার অঙ্গনের কাজ বাধাগ্রস্ত হয়, এমন কোনও সিদ্ধান্ত সরকার নেবে না", একইসঙ্গে বলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দুই দশক পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ওই ঘটনায় একটি মামলা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত রায় দেয়। রায়ে হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এবং বরখাস্ত ১৫ সদস্যের মৃত্যুদণ্ডাদেশ হয়। পরে হাইকোর্ট তিন জনকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেয়। এরপর আপিল শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগে যায়। বিচারপতি সঙ্কটের কারণে এই শুনানিতে দেখা দেয় দীর্ঘসূত্রতা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে 'নৃশংস হত্যাকাণ্ড' উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, "আগের কোনও সরকারই বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি, বরং খুনিদের পুরস্কৃত করে এর বিচার কাজ বন্ধ রেখেছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এর বিচারের বিষয়ে উদ্যোগী হয়।" বিচার প্রক্রিয়া এখন সর্বশেষ পর্যায়ে আছে বলে শফিক আহমেদ জানান। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে অভিশংসনের কোনও পরিকল্পনা সরকারের আছে কিনা- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট (অভিশংসন) করা হবে- এই ধরনের কোনও আলোচনা বা কোনও সিদ্ধান্ত হয়েছে কি না- তা এ আমার জানা নেই।" বিএনপির নবনির্বাচিত সাংসদদের বর্তমান স্পিকারের অধীনে শপথ পড়ানোয় কোনও বাধা নেই বলে আইনমন্ত্রী জানান। তিনি বলেন, "নতুন স্পিকার না হওয়া পর্যন্ত আগের স্পিকারই শপথ পড়াতে পারবেন। এ বিষয়ে আইনগত কোনও বাধা নেই।" গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা এখনও শপথ নেননি। নির্ধারিত দিনে অনুপস্থিত থাকার পর বৃধস্পতিবার তাদের শপথের অনুষ্ঠান আয়োজন করেছে সংসদ সচিবালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/১৫৫৯ ঘ.