২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খায়রুজ্জামানকে দেশে ফেরার নির্দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফিরে আসতে নির্দেশ দিয়েছে সরকার। জেল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে রিপোর্ট করতে বলে মঙ্গলবার রাতে তাকে একটি চিঠি পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফিরে আসতে নির্দেশ দিয়েছে সরকার। জেল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে রিপোর্ট করতে বলে মঙ্গলবার রাতে তাকে একটি চিঠি পাঠানো হয়েছে। রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, "বিচারের মুখোমুখি হওয়ার জন্য তাকে দেশে ফিরে আসতে বলবে মন্ত্রণালয়।" ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সামরিক কর্মকর্তা এম খায়রুজ্জামান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। হাসান মাহমুদ বলেন, "এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। হত্যাকারীরা রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত থাকবে, তা হতে পারে না।" প্রতিমন্ত্রী বলেন, "প্রথমে তাকে দেশে ডেকে পাঠানো হবে এবং তারপরে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।" অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামান জেলহত্যা মামলার আসামি ছিলেন, তবে পরে তাকে এমামলা থেকে অব্যাহতি দেয়া হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট এবং প্রবাসী স্বাধীন বাংলা সরকারকে নেতৃত্ব দেয়া জাতীয় চার নেতাকে। এরা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান। গত আওয়ামী লীগ সরকারের আমলে জেল হত্যা মামলার অভিযোগ পত্রে নাম এলে সে সময় ফিলিপাইনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সময় এম খায়রুজ্জামানকে দেশে ডেকে পাঠানো হয়। ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয় এবং বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এর পরে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর পরই তিনি জামিনে মুক্ত হন। ২০০৩ সালের ৪ মে তাকে পরপরাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০০৪ সালে এক একটি বিচারিক আদালত জেল হত্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/