ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। সোমবার প্রথমদিন ৬০টির মতো অধ্যাদেশ পর্যালোচনা করেছে এ সংক্রান্ত বাছাই কমিটি।
আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতিত্বে তার কার্যালয়ে কমিটির প্রথম বৈঠকটি হয়।
পরে শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে বেশ কিছু আইন যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলেও পুরো কাজ শেষ করতে আরো সময় লাগবে।"
মন্ত্রী জানান, প্রথমদিনে ১২০টি অধ্যাদেশের মধ্যে অর্ধেকের যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামী ১৫ জানুয়ারি বৈঠকে বাকি অধ্যাদেশ নিয়ে আলোচনা হবে।
আইন মন্ত্রী বলেন, "আমরা যাচাই-বাছাই করে সুপারিশ করবো। তারপর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।"
সময়সীমাজনিত সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ২৫ জানুয়ারি আগেই এসব যাচাই-বাছাই শেষ করে আইনের খসড়া প্রস্তুত সম্পন্ন করা হবে যাতে পরবর্তী সংসদ অধিবেশনেই এসব অধ্যাদেশকে আইনে পরিণত করা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১০৯ঘ.
bdnews24