চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সংসদ সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার নগরীর বন্দরটিলা এলাকায় এক প্রবাসীকে লাঞ্ছিত করে পুলিশ সদস্য আক্তার হোসেন। ওই সময় বাধা দিতে গেলে আক্তার স্থানীয় সাংসদ এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি এমএ লতিফের সঙ্গে দুর্ব্যবহার করে।
পুলিশ জানিয়েছে, না চেনার কারণেই আক্তার সাংসদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) সাখাওয়াত হোসেন জানান, কনস্টেবল আক্তার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্তে বন্দর জোনের সহকারী কমিশনার মোস্তাক আহমদের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে আসার পথে আব্দুল হালিম সুমন নামে ওমান ফেরত এক ব্যক্তিকে পুলিশের এক সদস্য লাঞ্ছিত করলে তা দেখে সাংসদ লতিফ এগিয়ে যান। তিনি মারধরের কারণ জানতে চাইলে ওই পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে সাংসদকেও নাজেহাল করে।
এমএ লতিফ সাংবাদিকদের বলেন, "একজন অটোরিকশা চালককে মারধর এবং যাত্রীর মালামাল টানাহেঁচড়া করতে দেখে আমি নিজের পরিচয় দিয়েই এর কারণ জানতে চাই। কিন্তু ওই কনস্টেবল আমার সঙ্গেও দুর্ব্যবহার করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন জানালে তারা এসে ওই কনস্টেবলকে নিয়ে যায়।"
লতিফ জানান, স্থানীয় লোকজনের অভিযোগ- পুলিশ এ পথে প্রায়ই প্রবাসী যাত্রীদের হয়রানি করে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে উপ-কমিশনার সাখাওয়াত বলেন, "চেকপোস্টে সঙ্কেত দেখানোর পরও একটি অটোরিকশা না থামায় কর্তব্যরত কনেস্টবল আক্তার অটোরিকশাকে ধাওয়া করে বন্দরটিলায় আটক করে। ওই সময় ওই পুলিশ সদস্য অটোরিকশাচালককে মারধর করে।"
তিনি বলেন, "সাংসদ এম এ লতিফকে না চেনার কারণে ওই কনস্টবল তার সঙ্গে দুর্ব্যবহার করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৯৩৪ ঘ.
bdnews24