ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইমামতি নিয়ে শুক্রবার জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে দুই দল মুসল্লির মধ্যে হাতাহাতি ও জুতো ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
বায়তুল মোকাররমে সদ্য নিয়োগ পাওয়া খতিব এবং ভারপ্রাপ্ত খতিবের পক্ষের মুসল্লিদের মধ্যে ওই ঘটনা ঘটে। তবে ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদ নুরুদ্দীনই শেষপর্যন্ত ইমামতি করেন।
ফজলে হোসেন নামে এক ব্যক্তি জুমার নামাজ পড়ে বেরিয়ে আসার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নামাজ পড়ানোর জন্য মাওলানা নুরুদ্দীন উঠে দাঁড়ালে কয়েকজন মুসল্লি চিৎকার করে বলে ওঠেন- 'মসজিদে নতুন খতিব নিয়োগ হয়েছে, তাহলে উনি (নুরুদ্দীন) কেন নামাজ পড়াবেন'।
"অপর এক দল মুসল্লি এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও জুতো ছোড়াছুড়ি শুরু হয়।"
তবে প্রথম দফা হাতাহাতির পর মুফতি নুরুদ্দীনই নামাজে ইমামতি করেন বলে মুসল্লিরা জানায়। নামাজের পর আবার শুরু হয় হাতাহাতি ও জুতো ছোড়াছুড়ি।
ওই সময় কয়েকজনের জামা-কাপড় ছিড়ে যায় এবং পাঁচ জন আহত হয়েছে বলে মুসল্লিরা জানায়। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কয়েকজন অভিযোগ করেছেন, সংঘর্ষের কারণে তারা নামাজ পড়তে পারেননি।
বায়তুল মোকাররমের আশপাশের এলাকার দোকানিরা জানায়, নামাজে ইমামতি করা নিয়ে নতুন খতিব এবং ভারপ্রাপ্ত খতিবের সমর্থকরা সকালেই মসজিদে অবস্থান নেয়। পরিস্থিতির অবনতির খবর পেয়ে নতুন খতিব মুহাম্মদ সালাউদ্দিন আহমেদ মসজিদে আসেননি।
ভারপ্রাপ্ত খতিব মো. নুরুদ্দীন সাংবাদিকদের বলেন, "আমাকে আজ (শুক্রবার) সকালে কর্তৃপক্ষ নামাজ পড়াতে বলেছেন, তাই আমি পড়িয়েছি।"
২০০৭ সালে খতিব উবায়দুল হক মারা যাওয়ার পর থেকে মো. নুরুদ্দীন ভারপ্রাপ্ত খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১ জানুয়ারি মুহাম্মদ সালাউদ্দিনকে নতুন খতিব হিসেবে নিয়োগ দেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24