ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বাস্থ্য খাতে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়েই বেশি। অন্যদিকে উচ্চ পর্যায়ে যে দুর্নীতি হয় সেটা হয় বড় মাত্রায়।
রোববার দুর্নীতি দমন কমিশনে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী এ কথা বলেন।
গ্রামের চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, "যেসব মানুষ কষ্ট করে চিকিৎসা নিতে আসেন তারা যেন ফিরে না যান। ওষুধ না দিতে পারেন, তাদের অন্তত রোগ সম্পর্কে ধারণা দিন।"
দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুই কমিশনার মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর মান্নান ও অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য সচিব এম এ নাসির উদ্দিন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মত দেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদমর্যাদার চাকরি অন্য মন্ত্রণালয়ে বদলিযোগ্য নয় বলে বড় রকমের দুর্নীতি হয়। এই প্রক্রিয়ায় পরির্বতন আনা হলে দুর্নীতি অর্ধেক কমে যাবে।
মতবিনিময় অনুষ্ঠানে সরকারি হাসপাতালের ওষুধ চুরি, ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম, নিয়োগ-বদলি, কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও ড্রাগ লাইসেন্স প্রদানে অনিয়মসহ স্বাস্থ্য খাতে দুর্নীতি হয় এমন বেশ কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করে এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।
একই সঙ্গে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, খাতওয়ারী বাস্তবায়নযোগ্য সুপারিশমালা ও তা বাস্তবায়নের সময়সীমা এবং নীতি নির্ধারণ পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এর আগে গত নভেম্বর মাসে একই মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় করে চরম দুর্নীতি হয় এমন বেশ কয়েকটি খাত চিহ্নিত করেছিল কমিশন। এর পাশাপাশি দুর্নীতির কারণও নির্ধারণ করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৩১ঘ.
bdnews24