ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বিজয় টিভি দুর্নীতি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।
আওয়ামী লীগ নেতার আইনজীবীরা বলেছেন এ নিয়ে সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর বাধা নেই।
মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ার উল হক ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ বিজয় টিভি মামলায় মেয়র মহিউদ্দিনকে জামিন দেন।
আদেশের পর মেয়র মহিউদ্দিনের কৌসুলি ব্যারিস্টার আমীর উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র মহিউদ্দিনকে বিজয় টিভি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। সকল মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে এখন আর কোন বাধা নেই।"
তার আরেক কৌসুলি হরিসাধন দেব ব্রহ্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে মোট ২২টি মামলার তিনটি আদালত খারিজ করে দিয়েছে। চারটিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি বাকি মোট ১৫ টির সবগুলোতেই তিনি জামিন পেয়েছেন। তাই তিনি এখন কারাগার থেকে মুক্তি পাবেন।"
শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "মেয়র মহিউদ্দিন খুবই অসুস্থ। অবিলম্বে উন্নত চিকিৎসা না হলে তার জীবন সঙ্কটাপন্ন হতে পারে। তাছাড়া তার ক্যান্সারে আক্রান্ত মেয়ে ব্যাংককে মৃত্যুশয্যায় শায়িত রয়েছে। তাই তার জামিন প্রয়োজন।"
মামলাটির দীর্ঘসূত্রতার উল্লেখ করে তিনি বলেন, " এ মামলার বিচার শেষ হবে তা অনিশ্চিত। এ কারণেও মেয়র মহিউদ্দিনকে হাইকোর্ট জামিন দিতে পারেন।"
ব্যারিস্টার আমীর তার আবেদনের পক্ষে অসুস্থতার কারণে জামিন দেওয়া যেতে পারে বলে মইজুদ্দিন সিকদার মামলায় আপিল বিভাগের পর্যবেক্ষণ, ফৌজদারি আইনে জামিন দেওয়ার বিধান ও সংবিধানের ১০১ অনুচ্ছেদে হাইকোর্টের শ্রেষ্ঠত্বের বিধানের কথাও তুলে ধরেন।
ব্যারিস্টার আমীর বলেন, "যে অভিযোগে মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে বিজয় টিভি মামলা দায়ের করা হয়েছে সেই অভিযোগে দুর্নীতির মামলা হতে পারে না। পাবলিক ডিমান্ড রিকভারি আইন অনুযায়ী এই অভিযোগে দেওয়ানি মামলা হতে পারে, দুর্নীতির মামলা নয়।"
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী আকন্দ মেয়র মহিউদ্দিনের জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, " জরুরি ক্ষমতা আইনের ১৯ ঘ এর বিধান অনুযায়ী দুর্নীতির এ মামলায় মেয়র মহিউদ্দিন জামিন পেতে পারেন না। তাছাড়া তিনি মামলা বাতিলের আবেদন করেছিলেন। সেই আবেদন নিষ্পত্তি থাকাকালীন জামিনের দরখাস্ত করেছেন। তাই এই দরখাস্তটির পরিপ্রেক্ষিতে তাকে জামিন দেওয়া যায় না।"
ব্যারিস্টার আমীরকে শুনানিতে সহায়তা করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও হরিসাধন দেব ব্রহ্মণ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০০৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় টিভির প্রচার শুরু হয়। সরকার গতবছর ৮ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এর প্রচার বন্ধ করে দেয়।
বিজয় টিভি মামলায় অভিযোগ করা হয়, সরকারের অনুমতি ও কোনো দরপত্র ছাড়াই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে মেয়র মহিউদ্দিন বিজয় টিভির প্রচার শুরু করেন।
এই অভিযোগে মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে ২০০৭ সালের ২৭ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২০ঘ.
bdnews24