ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ কথা জানান।
তিনি বলেন, "গত ১০ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। আসামিদের বিরুদ্ধে যে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে তার ভিত্তিতে কমিশন আদালতে অভিযোগপত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।"
হানিফ ইকবাল বলেন, "সাক্ষ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে অভিযোগপত্র দাখিলের জন্য অনুমোদন দেওয়া হবে।"
গত ২৬ ফেব্র"য়ারি কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির কারণে সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক জোট সরকারের ছয় মন্ত্রী এম কে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশারফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী; সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম; পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী; পেট্রোবাংলার সাবেক পরিচালক (খনি ও খনিজ) মঈনুল আহসান; বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া চীনা প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
এজাহারে অভিযোগ করা হয়, বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজে ঠিকাদার নিয়োগের জন্য বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) আন্তর্জাতিক দরপত্র ডাকে। এতে সর্বনিম্ন দরদাতা হয় চীনের শ্যান্ডং লুদি জিও মিনারেল কোম্পানি লিমিটেড। ২০০৪ সালের ২৪ এপ্রিল তাদের সঙ্গে প্রায় ৩৩৫ কোটি টাকার চুক্তি হলেও পরে প্রতিষ্ঠানটি সরঞ্জামের দাম বৃদ্ধিসহ বিভিন্ন অজুহাতে চুক্তি বাস্তবায়ন করেনি।
অন্যদিকে, বিড বন্ড নবায়ন না করায় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের সুজু কোল মাইনিং গ্র"প কনসোর্টিয়ামের দরপত্রও বাতিল করা হয়। পরে সর্বোচ্চ দরদাতা- কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনকে (সিএমসি) এই কাজ দেওয়ার প্রস্তাব করা হয়। তবে ওই প্রস্তাবে সর্বনিম্ন দরদাতার সঙ্গে চুক্তি অনুযায়ী কাজের শর্ত বেঁধে দেওয়ায় সিএমসিও তাতে রাজি হয়নি। সিএমসি খনি রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৪৯৩ কোটি ৭৯ লাখ টাকা চেয়েছিল।
এজাহারে আরও বলা হয়, দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের কেউ কাজটি করতে রাজি না হওয়ায় বিধান অনুযায়ী পুনঃদরপত্র আহ্বান করার কথা। পেট্রোবাংলাও পুনঃদরপত্রের প্রস্তাব করে।
কিন্তু এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা উপেক্ষা করে সময় স্বল্পতার অজুহাতে সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে চুক্তির সুপারিশ করে। এরপর ২০০৫ সালের ৪ জুন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রকৃতপক্ষে বাংলাদেশী প্রতিষ্ঠান হোসাফ গ্র"পের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সর্বনিম্ন দরদাতা শ্যান্ডং লুদি ও সর্বোচ্চ দরদাতা সিএমসির স্থানীয় প্রতিনিধি। তিনি দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে যোগসাজশ করে সর্বোচ্চ দরদাতাকে কাজটি পাইয়ে দিতে সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এসকে/১৯০৮ঘ.
bdnews24