দিনাজপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভূয়া ঋণপত্রের (এলসি) মাধ্যমে চাল ও ডাল আমদানির মামলায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র হোসেন আলী সরকারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার দিনাজপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। হাকিম আব্দুল মোক্তাদির জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালতের জেনারেল রেকডিং অফিসার (জিআরও) মকবুল হোসেন জানান, বিরামপুর পৌরসভার মেয়র ও আমদানিকারক হোসেন আলী সরকার বগুড়ার সিটি ব্যাংকে এলসি (নম্বর-০৭০৭৩৯০৫১১০০৭) খুলে ২০০৬ সালের এপ্রিলে ভারত থেকে চার হাজার মেট্রিক টন ডাল ও দু'শ মেট্রিক টন চাল আমদানি করেন। আমদানির সময় হিলি স্থলবন্দরের কাষ্টমস কর্মকর্তারা এলসি'র কাগজপত্র ও ব্যাংকের কাগজপত্রের মধ্যে গরমিল দেখতে পান।
এ ঘটনায় হিলি বন্দরের কাস্টমস সুপার এসএম সিদ্দিকুর রহমান ওই বছর ৩০ এপ্রিল হাকিমপুর থানায় মিথ্যা ও প্রতারণামূলক এলসি'র মাধ্যমে চাল ও ডাল আমদানির অভিযোগে হোসেন আলী সরকার এবং সিঅ্যান্ডএফ এজেন্ট শশী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসলাম হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত শেষে এ বছর ২২ আগষ্ট দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল কর হয়। গত ২৪ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24