ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদযন্ত্রের জটিলতার কারণে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানকে সোমবার দুপুরে মিরপুর জাতীয় হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নজরুল ইসলামের ছেলে অনিক ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্বুসহ আমরা ঈদ করার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা বাড়ি রওনা দিয়েছিলাম। পথে হঠাৎ করে বাবার হৃদস্পন্দনে সমস্যা দেখা দিলে দ্রুত তাকে হার্ট ফাউন্ডেশনে আনা হয়। চিকিৎসকরা বলছেন, ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাবে না।"
সিরাজগঞ্জে রওনা হওয়ার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন নজরুল ইসলাম খান। তিনি বলেন "বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটনের বাসায় গেলে সেখানে তালেয়া রহমান তাকে স্বাগত জানিয়েছিলেন। এ নিয়ে ডেমোক্রেসি ওয়াচকে জড়িয়ে বির্তক সৃষ্টি করা হয়েছে। মূলত, ব্যক্তিগত সর্ম্পকের কারণে খালেদা জিয়া ওই বাসায় যান।"
তিনি আরো বলেন, "বিএনপির সঙ্গে তালেয়া রহমানের ডেমোক্রেসি ওয়াচের কোনো সর্ম্পক নেই। বিএনপির পক্ষ থেকে এ বিষয়টি পরিষ্কার করতে আমি সিইসির সঙ্গে দেখা করেছি। আমরা বলেছি, তালেয়া রহমানের সঙ্গে নেত্রীর ব্যক্তিগত সর্ম্পকের কারণে ডেমোক্রেসি ওয়াচকে যেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার তালিকা থেকে বাদ দেওয়া না হয়।"
চলতি মাসের শুরুতে নজরুল ইসলাম খান আরেকবার হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। সে সময় কয়েকদিন হাসপাতালে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/জেকে/এমএইচবি/১৫১৭ ঘ.
bdnews24