২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইজারাদার ও মাঝিদের সংঘর্ষে ১০ জন আহত

বরিশালে কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে রোববার সকালে ইজারাদার ও মাঝিদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 01:53 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে রোববার সকালে ইজারাদার ও মাঝিদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মাঝিদের অভিযোগ, ইজারাদাররা নৌকা চলাচল বন্ধ করে ইঞ্জিনচালিত ট্রলার চালুর চক্রান্ত করছে। তারা ট্রলার চালুর প্রতিবাদ জানালে ইজারাদারের লোকজন তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে ইজারাদাররা পাল্টা অভিযোগ করেন, ঈদ উপলক্ষে মাঝিরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়ার নেওয়ায় বাধা দিলে তারা হামলা চালায়। বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, বরিশাল-চরকাউয়া রুটে চলাচলাকারী প্রতিটি নৌকায় ১৫ জন যাত্রী বহন করা হয়। রোববার সকালে কালামের নৌকায় ১৬ জন যাত্রী বহন করা হলে ইজারাদার নুরুল ইসলাম তাকে মারধর করেন। মাঝিমাল্লা সামিতির সাধারণ সম্পাদক মো. রানা এর প্রতিবাদ করলে ইজারাদারদের লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় রানা (৩৫), সুমন (৩০), হারুন (২৫) ও জামানসহ (৩৮) ১০ জন আহত হন। গুরুতর আহত রানাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে মাঝিরা খেয়া নৌকা চলাচল বন্ধ করে দেয়। এসময় ইজারাদার নূরুল ইসলাম তার মালিকানাধীন দুটি ইঞ্জিন নৌকা এনে যাত্রী পারাপার শুরু করলে মাঝিরা সম্মিলিতভাবে এর প্রতিবাদ করে। প্রতিবাদের মুখে ইজারাদার ইঞ্জিন নৌকা বন্ধ করে দিতে বাধ্য হন। পরে পুলিশের হস্তক্ষেপে মাঝিরা আবার নৌকায় যাত্রীবহন শুরু করেন। মাঝিমাল্লা সামিতির সাধারণ সম্পাদক মো. রানা বলেন, তাদের প্রায় ৭০ টি নৌকা যাত্রী পারাপার করছে। তাদেরকে ঘাট থেকে সরিয়ে ইজারাদারা নিজেরা ট্রালার চালানোর চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, এ ঘটনার প্রতিবাদ করায় ইজাদারদের সন্ত্রাসী বাহিনী মাঝিদের ওপর হামলা চালিয়েছে। ইজারাদার নুরুল ইসলাম পাল্টা অভিযোগ করেন, মাঝিমাল্লারা ঈদ উপলক্ষে যাত্রীদের জিম্মি করে জনপ্রতি ২ টাকার স্থলে ৫ টাকা ভাড়া আদায় শুরু করে। এতে বাঁধা দিলে মাঝিরা হামলা করে এবং হামলায় তিনিসহ তার সহযোগী জামান আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪১ ঘ.