রাজশাহী, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান (৬০) নিহত হয়েছেন।
দুর্ঘটনায় তার মেয়ে রুমা (৪২), নাতি নোমান (৯) এবং গাড়িচালক আইয়ূবও নিহত হন।
সকাল সাড়ে ৭টা দিকে রাজশাহী-নাটোর সড়কে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন।
হান্নান মেয়ে ও নাতিদের নিয়ে একটি জিপে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন।
ওসি জসীম বলেন, "বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে হান্নানকে বহনকারী জিপটি দুমড়ে-মুচড়ে যায়। হান্নান, তার বড় মেয়ে রুমা, রুমার ছেলে নোমান এবং গাড়িচালক আইয়ূব ঘটনাস্থলেই মারা যান।"
দুর্ঘটনায় হান্নানের ছোট মেয়ে সুমা এবং তার ছেলে নাফিজ আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জসীম জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক হলেও চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২০ ঘ.
bdnews24