ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সভানেত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার জন্মদিন পালন করছে আওয়ামী লীগ।
এ উপলক্ষে রোববার সকালে ধানমণ্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শেখ হাসিনার স্থায়ী মুক্তি এবং দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করেন নেতা-কর্মীরা।
২৮ সেপ্টেম্বর (রোববার) শেখ হাসিনার ৬২তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেসার ঘরে জন্ম গ্রহণ করেন তিনি।
কারাবন্দি শেখ হাসিনা চিকিৎসার জন্য সাময়িক মুক্তি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তার স্থায়ী মুক্তি দাবি করে আসছে আওয়ামী লীগ।
মিলাদ মাহফিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, আব্দুর রহমান প্রমুখ।
বিকালে মানিক মিয়া এভিনিউয়ের চার নম্বর ন্যাম ভবনে আওয়ামী লীগের সাবেক সাংসদদের পক্ষ থেকে আরেকটি মিলাদের আয়োজন করা হয়েছে।
শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রথম সন্তান। বাবার প্রভাবে ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন হাসিনা। ছাত্রলীগের মনোনয়নে ইডেন কলেজ ছাত্র সংসদের সহসভাপতিও (ভিপি) নির্বাচিত হন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডে বোন শেখ রেহানা ছাড়া পরিবারের বাকি সবাইকে হারান হাসিনা। দুই বোনই ওই সময় দেশের বাইরে ছিলেন। পরে ১৯৮১ সালে আওয়ামী লীগ সভানেত্রীর দায়িত্ব নিয়ে দেশে ফেরেন হাসিনা।
১৯৯৬ সালে তার নেতৃত্বেই ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ; প্রধানমন্ত্রী নির্বাচিত হন হাসিনা। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় এ দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া ১৯৮৬ সালের চতুর্থ, ১৯৯১ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি।
জরুরি অবস্থা জারির পর ২০০৭ এর ১৬ জুলাই দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ১১ জুন সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৫০ ঘ.
bdnews24