ফরিদপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজার এলাকায় শনিবর সকাল পর্যন্ত পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৪০ মিটার অংশের সিসি ব্লক ধসে গেছে।
শুক্রবার সকালে প্রায় ৩০ মিটার অংশের সিসি ব্লক ধসে যায়।
ভাঙন রোধে ধসে যাওয়া অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) কর্মকর্তারা।
শনিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম নাসির মিয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধসের যাওয়া অংশে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। এখানে পানির গভীরতা প্রায় ১৩ মিটার হওয়ায় জিও ব্যাগ ফেলে ধসে যাওয়া অংশটি ভরাট করা হবে।
তিনি জানান, বাঁধ সংস্কারের কাজ সেনা সদস্যরা তদারকি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24