২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্র"তি সৌদি মন্ত্রীর

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রতি দিয়েছে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রতি দিয়েছে দেশটির সরকার। নিউ ইয়র্কে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সাল পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠকে এ প্রতিশ্র"তি দেন বলে নিউ ইয়র্ক থেকে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা এখন যুক্তরাষ্ট্র রয়েছেন। শুক্রবার অধিবেশনের এক ফাঁকে নিউ ইয়র্কের একটি হোটেলে ওই বৈঠক হয়। বৈঠকে সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের জন্য একটি ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন উপদেষ্টা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি প্রস্তাবটি সৌদি শ্রমমন্ত্রীর কাছে উত্থাপন করবেন। ইফতেখার আহমদের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, "সৌদি আরবের বাংলাদেশী কর্মীদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণের জন্য উদ্যোগ নিতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। সৌদি আরবের অর্থনীতিতে বাংলাদেশীদের অবদানের কথা স্বীকার করেন এবং বাংলাদেশীদের প্রশংসা করেন।" সৌদিমন্ত্রী উপদেষ্টাকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশী আধা দক্ষ ও অদক্ষ কর্মীদের কম মজুরির পাওয়ার বিষয়ে সরকার বেশ উদ্বিগ্ন। সরকার সৌদি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কর্মীদের অবস্থার উন্নয়নের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে সৌদি আরবে প্রায় ১৭ লাখ ৬৫ হাজার বাংলাদেশী রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমআই/১৮০০ ঘ.