২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নাটোর চিনি কলের এমডিসহ নিহত ৬

টাঙ্গাইল ও ফরিদপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। টাঙ্গাইলে বাস-জিপ মুখোমুখি সংঘর্ষে নাটোর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বোরহান উদ্দিনসহ দুই জন নিহত হন। অন্যদিকে ফরিদপুরে বাস খাদে পড়ে মারা যান চার জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও ফরিদপুরে শনিবার সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। টাঙ্গাইলে বাস-জিপ মুখোমুখি সংঘর্ষে নাটোর চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বোরহান উদ্দিনসহ দুই জন নিহত হন। অন্যদিকে ফরিদপুরে বাস খাদে পড়ে মারা যান চার জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর টাঙ্গাইল প্রতিনিধি জানান, বাসাইল উপজেলার বাঐখোলার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে সকাল ৬টার দিকে দুর্ঘটনায় মারা যান নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন (৫২)। তার গাড়ি চালক আলতাফ হোসেন (৫০) নিহত হন। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঈদের ছুটি কাটাতে নাটোর থেকে ঢাকা যাওয়ার পথে বাঐখোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী একটি বাসের সঙ্গে বোরহান উদ্দিনকে বহনকারী জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোরহান উদ্দিন ও তার গাড়িচালক ঘটনাস্থলেই মারা যান বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গা উপজেলার সলিলদিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে ভোররাতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে চার যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়। নিহতরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জের চরহোগলাবুনিয়া গ্রামের ছগিরউদ্দিন (৪০) ও তার ১৭ মাস বয়সী ছেলে রাজিব এবং একই গ্রামের শিউলী বেগম ও জাকির হোসেন (৩৫)। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ঢাকা থেকে বাগেরহাটগামী পর্যটক পরিবহণের একটি বাস রাত ৩টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের মধ্যে দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরে বিকালে খালে পড়ে থাকা বাসের ভেতর থেকে জাকিরের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা এনামুল জানান। এ ব্যাপারে নিহত শিউলী বেগমের স্বামী মো. ওবায়দুর রহমান ভাঙ্গা থানায় মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪০৯ ঘ.