ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ওয়াপদা কলোনির একটি ভবনের একাংশ শনিবার ধসে পড়েছে। এতে কেউ হতাহত না হলেও কলোনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিরপুর ১১ নম্বর সেকশনের 'বি' ব্লকের ওয়াপদা কলোনির পরিত্যক্ত ওই ভবনে অবাঙ্গালিরা (আটকে পড়া পাকিস্তানি) থাকে।
সকাল সাড়ে ১০টার দিকে কলোনির ৪ নম্বর ভবনের কিছু অংশ ধসে পড়ে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে ৪ নম্বর ভবনের উত্তর দিকের চার তলার সিঁড়ির সামনের ফাঁকা অংশ এবং রেলিং ধসে পড়ে। ফলে চার তলার পাঁচটি পরিবারে সবাই আটকা পড়েন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।"
ভবনে ধস দেখা দিলে পুরো কলোনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে ওসি জানান।
চার নম্বর ভবনসহ ওয়াপদা কলোনির আরও তিনটি ভবনে ১০২টি অবাঙালি পরিবার বাস করে।
আব্দুল মোমেন বলেন, "৪ নম্বর ভবনটি অনেক পুরানো এবং ঝুঁকিপূর্ণ। একে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে স্থানীয়রা বলেছেন।"
তবে ঝুঁকিপূর্ণ হলেও ওই ভবন ছাড়ছেন না এর বাসিন্দারা।
অবাঙালি ত্রাণ কমিটির চেয়ারম্যান সরফরাজ আলম সাংবাদিকদের বলেন, "ঝুঁকিপূর্ণ হলেও পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত কেউ এখান থেকে যাবে না।"
তবে ৪ নম্বর ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে একাধিকবার আবেদন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এমআই/১৬২২ ঘ.
bdnews24