ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের নামে গুলশান ট্যাংক পার্কের নামকরণ করা হয়েছে 'বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ পার্ক'।
শনিবার সকাল সাড়ে ১১টায় এ পার্কের নামফলক উন্মোচন করেন ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা।
সাদেক হোসেন খোকা দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' এটি গুলশানের মধ্যে একটি বৃহৎ পার্ক। বিচারপতি সাহাবুদ্দিন আহমদ রাষ্ট্রপতি ছিলেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক ভিত্তি দেওয়ায় তার বিরাট অবদান আছে। তার সততা ও নিষ্ঠা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। এজন্য ঢাকা সিটি করপোরেশন এই পার্কের নামকরণের মাধ্যমে তাকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নিয়েছে।''
অনুষ্ঠানে গুলশান সোসাইটির কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কমিশনার এ এফ এম মুকি, আনোয়ার হোসেন বীর প্রতিক, হয়রত আলীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সিটি মেয়র পরে পার্কটি ঘুরে দেখেন।
অনুষ্ঠানে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ ও তার পরিবারের কোনো সদস্য ছিলেন না।
নব্বইয়ের আন্দোলনে স্বৈরশাসক এইচ এম এরশাদ সরকারের পতনের পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেব শপথ নেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ। প্রধান বিচারপতির পদ ফিরিয়ে দেওয়ার শর্তে সরকার প্রধানের পদ গ্রহণকারী সাহাবুদ্দিন ৯১ সালে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করলে আবার স্বপদে ফিরে যান। পরবর্তীতে ৯৬ সালে আওয়ামী লীগের শাসনামলে তিনি সংসদীয় সরকার পদ্ধতির রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাওয়ার পর তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনে। বিএনপি জামায়াত জোট ক্ষমতা গ্রহণের পর প্রথম সংসদ অধিবেশনে আওয়ামী লীগের শাসনামলকে অন্ধকারের যুগ বলে অভিহিত করে দলটির কড়া সমালোচনার মুখে পড়েন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫৫৭ ঘ.
bdnews24