২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডাকাতের গুলিতে এক জন নিহত

রাজধানীর উত্তরখান থানা এলাকায় শুক্রবার রাতে নাসির উল্লাহ খান (৬৫) নামে এক ব্যক্তি ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরখান থানা এলাকায় শুক্রবার রাতে নাসির উল্লাহ খান (৬৫) নামে এক ব্যক্তি ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। রাত আড়াইটার দিকে উত্তরখানের মাউসাইদ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। নিহত নাসির অবসরপ্রাপ্ত আনসার অ্যাডজুডেন্ট। ডাকাতরা তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। ওসি আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত আড়াইটার দিকে ১৫/১৬ জন ডাকাত দরজা ভেঙে নাসির উল্লাহ খানের বাসায় ঢুকে। ডাকাতদের শটগানের গুলিতে ঘটনাস্থলেই মারা যান নাসির।" গুলি নাসিরের বাম হাতে ও বাম বুকে লাগে। বাড়ির লোকজনের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "বাড়ির একটি ঘরে নাসির উল্লাহ একা থাকতেন এবং পাশের ঘরে থাকতেন তার স্ত্রী ও মেয়ে। ডাকাতরা যখন ঘুরে ঢুকে তখন নাসির ঘুমাচ্ছিলেন। ডাকাতরা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ অবস্থায় ডাইনিং রুমে এসে পড়ে যান। পরে ডাকাতরা স্ত্রী এবং মেয়ের ঘরে গিয়ে তাদের অস্ত্রের মুখে তাদের জিম্মি করে আলমারি থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে সটকে পড়ে।" ডাকাতরা ট্রলারে করে ঝিল পেরিয়ে এসে আবার ট্রলারে করেই ফিরে যায় বলে পুলিশ জানায়। ঘটনাটি শুধুই ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫৫৮ ঘ.