২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার কোনো দলকে কটাক্ষ করতে পারেন না: হামিদ

স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকারের শুক্রবারের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক স্পিকার ও বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদ বলেছেন, স্পিকারের পদে থেকে কেউ কোনো দলের পক্ষ নিয়ে অন্য কোনো দলকে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 09:29 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকারের শুক্রবারের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক স্পিকার ও বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদ বলেছেন, স্পিকারের পদে থেকে কেউ কোনো দলের পক্ষ নিয়ে অন্য কোনো দলকে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, "আওয়ামী লীগ ১৪ দল, ১৬ দল এমনকি ১০০ দল নিয়ে মহাজোট করলেও জাতীয়বাদী শক্তির ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ভোটযুদ্ধে পেরে উঠবে না। কারণ আওয়ামী লীগ একসময় গণতন্ত্র হত্যা করেছে। তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়।" স্পিকারের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শনিবার আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্পিকার হিসেবে তিনি তার নৈতিক অবস্থান হারিয়েছেন। উনি যদি স্পিকারের পদ ছেড়ে একজন দলীয় নেতা হয়ে এই বক্তব্য রাখতেন তাহলে আপত্তি ছিলো না। কিন্তু স্পিকার পদে থেকে এহেন মন্তব্য করা সত্যিই দুঃখজনক।" তিনি বলেন, "স্পিকারের এমন বক্তব্য প্রথা বিরোধী ও অগণতান্ত্রিক,কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় স্পিকার একটি দল নিরপেক্ষ ও জাতীয় প্রতিষ্ঠান। স্পিকারের পদে অধিষ্ঠিত থেকে তিনি (জমির উদ্দিন) রেগে কোনো দলের পক্ষ নিয়ে অন্য দলকে কটাক্ষ করে বক্তব্য দিতে পারেন না।" আবদুল হামিদ বলেন, "স্পিকার যে দল করেন সেই দলের গঠন প্রক্রিয়াই অগণতান্ত্রিক। কারণ জিয়াউর রহমান সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতায় আসেন এবং পরে বিএনপি গঠন করেন। আর স্পিকার সেই দল করেন।" তিনি আরো বলেন, "আওয়ামী লীগের বাকশাল গঠনের সমালোচনা করা হয়। কিন্তু বাকশাল গঠন ভালো বা মন্দ যাই হোক না কেন তা করা হয়েছিলো সংসদের মাধ্যমে। অর্থাৎ, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। কোনো অগণতান্ত্রিক উপায়ে নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/১৫২৪ ঘ.