২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পৃথক দুটি অস্ত্র মামলায় ৯ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে আটজনের ১৭ বছর এবং অপর মামলায় একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

সাতক্ষীরা, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে আটজনের ১৭ বছর এবং অপর মামলায় একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার পৃথক দুই মামালার রায় দেন সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মাহাবুব উল আলম ও আশীষ রঞ্জন দাশ। বিচারক মাহাবুব উল আলমের রায়ে সাজাপ্রাপ্ত আটজন হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের আবুল বাশার, ছালাম গাজী, আব্দুল হাকিম, কাশিমারি গ্রামের সিরাজুল ইসলাম, সদর উপজেলার পুরাতন সাতক্ষীরার আমজাদ সরদার, যশোরের মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের জালাল উদ্দীন, বাগেরহাটের মংলা উপজেলার সোনাইতলা গ্রামের খায়রুল ইসলাম ও খুলনার দাকোপ উপজেলার কালিকাবাটি গ্রামের আলিম শেখ। মাহাবুব উল আলম এ আট আসামির প্রত্যেককে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ ২০০০ সালের ১২ মে রাতে সুন্দরবনে টহলরত অবস্থায় লক্ষ্মীখালী খালে জলদস্যুদের মুখোমুখি হয়। এ সময় তারা পুলিশের ওপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ এ আট আসামিকে আটক করে। তাদের কাছ থেকে ৬টি বন্দুক, ৩টি রাইফেল, ৫৩টি বন্দুকের গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করে। এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে এ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অপরদিকে বিচারক আশীষ রঞ্জন দাশের রায়ে সাজাপ্রাপ্ত আসমি হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের গোলাম কদ্দুস। তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ২০০৭ সালের ২৯ এপ্রিল রাতে একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম কুদ্দুসকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড বুন্দুকের গুলি উদ্ধার করে। এ দুই মামলার সাজাপ্রাপ্ত নয়জন আসামির মধ্যে আলিম, খায়রুল, জালাল উদ্দীন, সিরাজুল ও গোলাম কুদ্দুস পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.