লালমনিরহাট, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার সময় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. নুর ইসলামকে বৃহস্পতিবার সকালে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক কর্মকর্তারা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, নুর ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি জানান, কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. নুর ইসলাম জমি সংক্রান্ত একটি প্রতিবেদন দেওয়ার জন্য একই উপজেলার কাশীরাম গ্রামের আমেনা শিরিন মোস্তাফিজের কাছে সাত হাজার টাকা ঘুষ চান।
আমেনা শিরিন দুদক এর রংপুর অঞ্চলের উপ-পরিচালক আকতার হোসেনকে বিষয়টি জানান। দুদক কর্মকর্তাদের পরামর্শে আমেনা বৃহস্পতিবার সকালে নুর ইসলামকে তার কার্যালয়ে ঘুষের দুই হাজার টাকা দিতে যান। টাকা দেওয়ার সময় নুর ইসলামকে আটক করেন দুদক কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪১ ঘ.
bdnews24