ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কেবল ছোটখাটো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ট্রুথ কমিশনে আসায় হতাশা প্রকাশ করেছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান।
বুধবার কমিশনের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেছেন, "তাহলে ওপরের কেউ কি দুর্নীতি করেননি? দুর্নীতি করে থাকলে তাদের বিরুদ্ধে চলমান মামলা থাকতে হবে, অথবা তাদের ট্রুথ কমিশনে আসতে হবে। এই দুইয়ের মাঝখানে তো আর কিছু নেই!"
"রাজউক, তিতাসের মতো প্রতিষ্ঠানের বড় কর্তারা দুর্নীতি না করে থাকলে বলার কিছু নেই। এসব প্রতিষ্ঠানের ছোটখাটো কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেই শুধু অভিযোগ পাওয়া যাচ্ছে।"
কমিশনের সদস্য মনজুর রশিদ জানান, এ পর্যন্ত তিতাসের কোনো কোটিপতিকে ট্রুথ কমিশনে পাওয়া যায়নি।
ওয়ান ইলেভেনের পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাসের খুব নিম্নপদস্থ কর্মচারীর শত শত কোটি টাকার সম্পদের থাকার সচিত্র অভিযোগ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "কমিশনে এমন অনেককে পাঠানো হয়েছে যারা খুবই অসুস্থ। তাদের সম্পত্তি বলেও তেমন কিছু নেই। যে ভাবেই হোক তাদের নাম তালিকায় চলে এসেছে।"
বড় কর্মকর্তাদের দুর্নীতির তথ্য উদঘাটনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারাই বড় বড় কর্মকর্তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সংবাদ পরিবেশন করুন।"
এর আগেও কোনও রাজনৈতিক নেতা বা বড় ব্যবসায়ী ট্রুথ কমিশনে না যাওয়ায় এর কার্যকারিতা নিয়ে হতাশা প্রকাশ করেন বিচারপতি হাবিব।
চেয়ারম্যান বলেন, "আমরা আশা করেছিলাম, ট্রুথ কমিশন মামলায় মামলায় ভরে যাবে। কিন্তু তা হয়নি। নতুন কেউ না এলে, দুর্নীতি দমন কমিশন বা অন্য প্রতিষ্ঠান থেকে কাউকে না পাঠানো হলে বর্তমানে যে অভিযোগগুলো আছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে পারবে ট্রুথ কমিশন।"
তিনি জানান, কমিশন ১৭ কার্যদিবসে ১০৩ জনের শুনানি গ্রহণ করেছে। অনুকম্পা না চাওয়ায় দুটি মামলার নথি গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির কাছে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ৪ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যে ১০৩ জনের শুনানি নেওয়া হয়েছে তাদের মধ্যে ৫৭ জনকে ১৬ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই ৫৭ জনের মধ্যে ২৫ জন প্রায় ৮ কোটি টাকা জমা দিয়েছেন। যারা টাকা জমা দিয়েছেন বৃহস্পতিবার থেকে কমিশন তাদের 'মার্জনাপত্র' দেওয়া শুরু করবে।
চেয়ারম্যান জানান, কমিশনে আসা মামলার সংখ্যা কম হওয়ায় ট্রুথ কমিশনে আবেদনের সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এসকে/১৮৪০ঘ.
bdnews24