২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগেই নেতাকর্মীদের মুক্তি চেয়েছেন খালেদা

নির্বাচনের 'উপযোগী স্বাভাবিক পরিবেশ' সৃষ্টির লক্ষ্যে ঈদের আগেই বন্দি রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের 'উপযোগী স্বাভাবিক পরিবেশ' সৃষ্টির লক্ষ্যে ঈদের আগেই বন্দি রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খালেদা জিয়া সরকারের কাছে এ দাবি জানান। এতে খালেদা জিয়ার 'পক্ষে' মারুফ কামাল খানের স্বাক্ষর রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে খালেদা বলেন, 'দীর্ঘ এক বছরের বেশি সময় পর আমি সর্বোচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছি। এখনো অনেক রাজনৈতিক নেতা-কর্মী কারাবন্দি রয়েছেন। ন্যায়বিচার ও দেশে নির্বাচনের উপযোগী স্বাভাবিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমি তাদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।" তিনি বলেন, "আমি যে কোনো অভিযোগেরই প্রচলিত আইনে স্বাভাবিক পরিবেশে বিচারের পক্ষে। বিচারে কেউ দোষী সাব্যস্ত হলে তার শাস্তি হতে পারে। কিন্তু বিচারের আগেই কাউকে বন্দি রেখে সাজা দেওয়াটা সমর্থনযোগ্য নয়।" খালেদা জিয়া তার নিজের ও দুই সন্তানের এবং দলের নেতা-কর্মীদের মুক্তির পক্ষে 'দৃঢ় ভূমিকা' রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, "বিগত দিনগুলোতে মৌলিক-মানবিক অধিকার সুরক্ষার প্রয়াসে যারা দৈহিক, মানসিক ও বৈষয়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমএইচবি/২১০০ ঘ.