২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছর হজে যাবেন সাড়ে ৪৮ হাজার জন

চলতি বছর সরকারি-বেসরকারি উদ্যোগে মোট ৪৮ হাজার ৫৬০ জন হজ পালন করতে যাবেন বলে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছর সরকারি-বেসরকারি উদ্যোগে মোট ৪৮ হাজার ৫৬০ জন হজ পালন করতে যাবেন বলে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৪৭৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৮৬ জন হজে যাবেন । বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি অনুসারে গত ৯ আগস্ট সৌদি হজ মন্ত্রণালয়কে বাংলাদেশী হজ-যাত্রীর সংখ্যা জানানোর সময়সীমা পার হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী বর্তমানে আর কোন মোয়াল্লেম ফি জমা নেওয়ার সময় নেই। ধর্ম মন্ত্রণালয় জানায়, সরকার এ বছর ২৩৪টি সংস্থাকে (হজ এজেন্সি) হজযাত্রী পাঠানোর অনুমতি দিলেও পাঠাচ্ছে ২০৬টি সংস্থা। এর মধ্যে ২০১টি সংস্থার যাত্রীরা ভিসা পেয়েছেন। ঢাকা হজ কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, বেসরকারি হজ যাত্রীদের থাকার ব্যবস্থা করতে ১৯০টি এজেন্সি সৌদি আরব গিয়েছে। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় মক্কায় এ পর্যন্ত ৫ হাজার ৫৮৬ জনের আবাসনের ব্যবস্থা নিশ্চিত হয়েছে। অন্যদের বাড়ি ভাড়ার কাজ শিগগিরই শেষ হবে বলে আশা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। গত আগস্ট মাসে মক্কায় বাংলাদেশী অধ্যুষিত মিসফালাহ এলাকায় নতুন হজ মিশন স্থানান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/টিএইচ/এমএইচবি/২০৪৯ ঘ.