২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর আইসিডি'র দরপত্রে অংশ নিয়েছে একটি মাত্র প্রতিষ্ঠান

ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনার জন্য নতুন ঠিকাদার নিয়োগের দরপত্রে মাত্র একটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বহুল আলোচিত ঠিকাদারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন করে ঠিকাদার নিয়োগের জন্য বন্দর কর্তৃপক্ষ এ দরপত্র ডাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) পরিচালনার জন্য নতুন ঠিকাদার নিয়োগের দরপত্রে মাত্র একটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বহুল আলোচিত ঠিকাদারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন করে ঠিকাদার নিয়োগের জন্য বন্দর কর্তৃপক্ষ এ দরপত্র ডাকে। গ্যাটকোকে কমলাপুর আইসিডি'র দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান , তার মন্ত্রিসভার পাঁচ সদস্য ও বন্দরের সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তত্ত্ববধায়ক সরকার মামলা করে। চলতি বছরের মে মাসে আদালতের আদেশে গ্যাটকোর চুক্তি বাতিল হয়ে যায়। চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) লেফটেনেন্ট কর্নেল ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০টির বেশি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও জমা দেওয়ার শেষ দিন সোমবার বিকেলে বক্স খুলে দেখা যায় নবাব অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানই কেবল দরপত্র জমা দিয়েছে। ফিরোজ আহমেদ বলেন, "একটি মাত্র প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও সরকারি ক্রয়নীতি অনুযায়ী তা মূল্যায়নে বাধা নেই। আপাতত নতুন করে দরপত্র ডাকারও সম্ভাবনা নেই।" তিনি জানান, নিয়ম অনুযায়ী জমা পড়া দরপত্র মূল্যায়নের জন্য বন্দরের মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হবে। যাচাই শেষে তা অনুমোদনের জন্য নৌ ও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠান দশ বছরের জন্য কমলাপুর আইসিডি পরিচালনার দায়িত্ব পাবে বলেও জানান পরিচালক। কবে নাগাদ নতুন ঠিকাদার কাজ শুরু করতে পারে- এ প্রশ্নের জবাবে ফিরোজ আহমেদ বলেন, "দরপত্রের খুঁটিনাটি যাচাই বাছাই একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি চূড়ান্ত হতে সময় লাগবে।" দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নবাব অ্যান্ড কোম্পানির প্রকল্প পরিচালক সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমলাপুর আইসিডি পরিচালনার জন্য তার প্রতিষ্ঠান দশ বছরে ১৪২ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৭৭ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী, কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানকে কমলাপুর আইসিডির চট্টগ্রাম ও ঢাকা প্রান্তে কন্টেইনার ওঠানামা ও হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম তাদেরই জোগাড় করতে হবে। কার্যাদেশ পাওয়ার দশ মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে কাজ শুরু করতে হবে। ওই সময় পর্যন্ত গ্যাটকোই কার্যক্রম চালিয়ে যাবে। নবাব অ্যান্ড কোম্পানির সাইফুল আলম বলেন, "দরপত্রে একক প্রতিষ্ঠান হলেও প্রস্তাবে কোনো ত্র"টি না থাকলে আমাদের গ্রহণযোগ্য বিবেচিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তাছাড়া আমাদের কোম্পানির ২৪ বছরের অভিজ্ঞতা রয়েছে।" বন্দর কর্মকর্তারা জানান, চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত বছর ২ মার্চ গ্যাটকোর সঙ্গে চুক্তি বাতিল করে। গত বছরের ২৫ এপ্রিল নতুন করে দরপত্র ডাকা হয়। কিন্তু সাত বছরের জন্য কমলাপুর আইসিডি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গ্যাটকো আদালতে গেলে নতুন দরপত্রের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। দীর্ঘ আইনী লড়াই শেষে গত মে মাসে আদালত গ্যাটকোর মামলা ও রিট বাতিল করে চউকের পক্ষে রায় দেয়। এরপর নতুন ঠিকাদার নিয়োগের দরপত্র প্রক্রিয়া আবার শুরু হয়। কর্মকর্তারা জানান, সাবেক চারদলীয় জোট সরকারের আমলে কমলাপুর আইসিডি পরিচালনার জন্য দরপত্র ডাকা হয়। এতে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা গ্যাটকো সাত বছরের জন্য কন্টেইনার ওঠানামার কাজ পায়। সে সময় বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে, অনিয়মের মাধ্যমে দরপত্রের শর্ত পূরণ না করে অযোগ্য প্রতিষ্ঠান গ্যাটকোকে কাজ দেওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতার আসার পর গ্যাটকোকে এ দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। নতুন ডাকা দরপত্রে কনটেইনার ওঠানামার কাজে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এসকে/২০৩৬ঘ.