বাগেরহাট, সেপ্টম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্ধার ও জব্দ করা কাঠের হিসাব দিতে না পারায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পাঁচ কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সুন্দরবন সার্কেলের বন সংরক্ষক অমলেন্দ্র সাহা রোববার এ বরখাস্তের আদেশ দেন।
সাময়িক বরখাস্তরা হলেন- সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ইনচার্জ মো. মুজিবুর রহমান, বনপ্রহরী শফিকুর রহমান, নৌকা চালক রেজাউল করীম, নজরুল ইসলাম ও ইদ্রিস আলী খান।
সুন্দর বন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম শহীদুল্লাহ জানান, জব্দ করা কাঠের রেকর্ড অনুযায়ী ফাঁড়িতে ১৮ খণ্ড (৩৪ ঘনফুট) সুন্দরী কাঠ রক্ষিত ছিল যা এখন পাওয়া যাচ্ছে না। এ কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।
পরস্পর যোগসাজসে তারা কাঠ পাচার করে দিয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
বরখাস্ত হওয়া মো. মুজিবর রহমান জানান, তারা কাঠ পাচার করেননি। বনে চোরাকারবারীদের অনুপ্রবেশ ঠেকাতে গুলিশাখালী খালের মুখে ওই কাঠ দিয়ে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছেন। সুন্দরবনের ভেতরে বিভিন্ন খালে বনকর্মীরা এ ধরনের প্রতিবন্ধকতা করে থাকে।
কিন্ত জব্দ করা কাঠ ব্যবহার করে এ ধরনের কাজ করার কোনো নিয়ম নেই বলে জানান ডিএফও এসএম শহীদুল্লাহ।
বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৫ ঘ.
bdnews24