মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় রোববার সকালে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার সোয়া পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও বেশ কয়েকটি চাপাতি উদ্ধার করেছে। তবে টাকা উদ্ধার করা যায়নি।
গ্রেপ্তারকৃতরা হলো- ইউনুস আলী (৩০), কামরুল (৩০), গোলাম মোস্তফা (২৫) ও আজাদ (৩২)।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবালয়ের নালী বাজারের ব্যবসায়ী বাবুল রায় ব্যাংকে জমা দেওয়ার জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে শিবালয়ের টেপরা সোনালী ব্যাংকের উদ্দেশে রওনা হন।
সকাল পৌনে ১১টার দিকে তিনি পাটুরিয়া ফেরি ঘাটের কাছে এলে একটি প্রাইভেট কারে এসে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তারা বাবুলের বাম হাতে ছুরি দিয়ে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, বাবুল রায় টেলিফোনে বিষয়টি জানালে পুলিশ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ঘেরাও করে প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে। প্রাইভেটকার থেকে বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাবুল রায় শিবালয় থানায় মামলা করেছেন।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24