২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের উদ্যোগ

হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ রোববার সাংবাদিকদের জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ রোববার সাংবাদিকদের জানিয়েছেন। দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ করা টাকা বণ্টন প্রক্রিয়া সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেন আইন উপদেষ্টা। সভা শেষে তিনি বলেন, "হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত কমিটির মতামতের ভিত্তিতে এ আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।" দেশের যে কোনও স্থানে পূজা মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাংচুরের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ ও সতর্ক থাকতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান। সভায় জানানো হয়, এ বছর ৬৪টি জেলায় পূজা উদযাপনের জন্য ট্রাস্টের মাধ্যমে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় পাঁচ লাখ টাকা বেশি। এ বছর ঢাকায় ১৬৪টি পূজা মণ্ডপ তৈরি করা হবে বলেও সভায় জানানো হয়। উপদেষ্টা হাসান আরিফ বলেন, "পূজা মণ্ডপে হামলা ও প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িত দুস্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ভবিষ্যতে আর কোনও মণ্ডপে হামলার ঘটনা না ঘটে।" উপদেষ্টা হাসান আরিফের সভাপতিত্বে ওই সভায় কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতা সিআর দত্ত, শিল্পী সুবীর নন্দী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৮০০ ঘ.