ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদকে শিগগিরই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন ১৪টি পত্রিকার সম্পাদক। মাসুদের সুচিকিৎসা ও পত্রিকাটির স্বার্থে এই দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক বোরহান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে জনকণ্ঠ ভবনে এক সভা থেকে সম্পাদকরা এই দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দেশের প্রধান একটি পত্রিকার স্বার্থে ও অসুস্থ আতিকউল্লাহ খান মাসুদের সুচিকিৎসার জন্য আইনি প্রক্রিয়া অব্যাহত থাকার পরও তিনি মুক্তি পেতে পারেন। এই মুক্তি বিচার প্রক্রিয়ায় কোনও বাধার সৃষ্টি করবে বলে আমরা মনে করি না। এসব বিবেচনায় আমরা অবিলম্বে তার মুক্তির দাবি জানাই।'
সভায় অংশগ্রহণকারীরা হলেন- আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউস সামাদ, ইনডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুব আলম, ইত্তেফাকের রাহাত খান, প্রথম আলোর মতিউর রহমান, অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী, নিউএজ এর নূরুল কবির, আমাদের সময়ের নাঈমুল ইসলাম খান, নিউজ টুডে'র রিয়াজউদ্দিন আহমদ, ইকোনোমিক টাইমসের শওকত মাহমুদ, ভোরের কাগজের শ্যামল দত্ত, মানবজমিন যুগ্মসম্পাদক সাযযাদ কাদির, যুগান্তরের উপসম্পাদক সাইফুল আলম, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান ও জনণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান।
গত বছর ৭ মার্চ আতিকউল্লাহ খান মাসুদকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২৩৫৬ ঘ.
bdnews24